ঐক্যবদ্ধ না থাকলে সমস্যায় পড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব ঐক্যবদ্ধ। কিন্তু মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য না থাকলে কঠিন সমস্যায় পড়তে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তাই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও ইফতার মাহফিলে সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। নগরের পাঁচলাইশের একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংসদ শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, সংরক্ষিত মহিলা আসেনর সাংসদ ওয়াসিকা আয়েশা খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সমাবেশে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তাই ওই নির্বাচনে আমাদের তেমন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়নি। আগামী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে হলে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। দলের ভেতরে কিছু হাইব্রিড ঢুকে গেছে। ওরা দলের ক্ষতি করতে পারে। ওদের ব্যাপারে সজাগ থাকতে হবে। সবার চোখ-কান খোলা রাখতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ চট্টগ্রামের কিছু জায়গায় সমস্যা রয়ে গেছে। এমপিদের (সাংসদ) সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্ব ও ভুল বোঝাবুঝি দ্রুত বসে নিরসন করতে হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
চন্দনাইশ থেকে নির্বাচিত সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, জনগণকে বোঝাতে হবে আওয়ামী লীগ দেশের জন্য ও সাধারণ মানুষের জন্য কাজ করে।
কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম ব্যক্তির নামে স্লোগান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, স্লোগান হবে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে। তিনি বলেন, এত উন্নয়নকাজ হওয়ার পরও কিছু লোক বলছে আওয়ামী লীগ ভোট পাবে না। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আওয়ামী লীগকে হারানোর শক্তি কারও নেই।