ঐক্যবদ্ধ বিএনপিতে বিভক্তির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিবর রহমান সরোয়ার (বাঁয়ে) ও আহসান হাবিব কামালের দীর্ঘ বিরোধের আপাত-অবসান ঘটিয়েছিল বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। বিজয় উদ্যাপন আয়োজনে একসঙ্গে দুই নেতা ষ ফাইল ছবি
মজিবর রহমান সরোয়ার (বাঁয়ে) ও আহসান হাবিব কামালের দীর্ঘ বিরোধের আপাত-অবসান ঘটিয়েছিল বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। বিজয় উদ্যাপন আয়োজনে একসঙ্গে দুই নেতা ষ ফাইল ছবি

বরিশালে বিএনপির বিবদমান পক্ষগুলোকে দীর্ঘদিন পর প্রথমবারের মতো ঐক্যবদ্ধ করেছে গত ১৫ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচন। দ্বন্দ্ব ভুলে সব পক্ষ একযোগে কাজ করে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থীকে বিজয়ী করেছে। তবে এই ঐক্য ভেঙে যাওয়ার শঙ্কাও ইতিমধ্যে তৈরি হয়েছে বলে মনে করছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
স্থানীয় বিএনপির সূত্র জানায়, নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে বরিশালে বিএনপিতে শুরু হয় সদর আসনের সাংসদ মজিবর রহমান সরোয়ার ও নবনির্বাচিত মেয়র আহসান হাবিবের বিরোধ। তৃতীয় পক্ষ হিসেবে সক্রিয় ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক। সেই বিরোধের জের ধরে ১৫ জুনের বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপির তিনজন প্রার্থী হন। দলের সমর্থন না পেয়ে শুরুতেই সরে দাঁড়ান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান। কেন্দ্র থেকে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিবকে সমর্থন দিলেও প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে অনড় থাকেন এবায়েদুল। শেষ মুহূর্তে ঢাকায় সমঝোতা হয়। জেলা বিএনপির সভাপতির পদ পাবেন, এমন আশ্বাসে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন এবায়েদুল। দলের সব পক্ষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামায় মেয়র পদে বিজয়ী হন আহসান হাবিব। আহসান হাবিব জেলা বিএনপির সভাপতির পদ না ছাড়ায় এ নিয়ে মজিবর ও এবায়েদুলের পক্ষের নেতা-কর্মীরা অসন্তুষ্ট। এ নিয়ে দলীয় ঐক্য ভেঙে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

এবায়েদুল হক জেলা বিএনপির সভাপতির পদ পাওয়ার বিষয়ে অপেক্ষা করে দেখার নীতি নিয়েছেন জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের আগে দলের প্রধান খালেদা জিয়া আমাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, যা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার ঘোষণা করেছেন।’

সাংসদ ও সাবেক মেয়র মজিবর বলেন, জেলা বিএনপির দায়িত্ব এবায়েদুল হকই পাবেন। সিটি করপোরেশন নির্বাচনের আগে দলের চেয়ারপারসন এবায়েদুলকে এ প্রতিশ্রুতি দিয়েছেন। তাই এর ব্যতিক্রম হওয়ার সুযোগ নেই।

জানতে চাইলে গত ৪ অক্টোবর আহসান হাবিব তাঁর বরিশালের বাসভবনে প্রথম আলোকে বলেন, ‘অকারণে বিতর্কিত প্রসঙ্গের অবতারণা করছেন কেন? বিএনপির জেলা কমিটিতে পরিবর্তন এলে আমরাই আপনাদের ডেকে জানাব।’ ৮ অক্টোবর তিনি মেয়রের দায়িত্ব নিয়েছেন।

‘দলীয় ঐক্যের কারণে জয়’: বিএনপির নেতা-কর্মীরা জানান, ২০০৮ সালের সিটি নির্বাচন বিএনপি বর্জন করলেও দলের দুই নেতা আহসান ও এবায়েদুল অংশ নেন। এ ছাড়া স্থানীয় বিএনপির একাংশ সমর্থন দিয়েছিল সরদার সরফুদ্দিন আহমেদকে। ওই নির্বাচনে আহসান ২৬ হাজার ৪১৬, এবায়েদুল ১৯ হাজার ৬২৬ ও সরফুদ্দিন ৪৬ হাজার ২০৮ ভোট পেয়েছিলেন। এই তিনজনের মোট ভোট ছিল ৯২ হাজার ২৫০। সেবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকত হোসেন ৪৬ হাজার ৭৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এবার বিএনপির একক প্রার্থী আহসান ৮৩ হাজার ৭৫১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী শওকত পেয়েছেন ৬৬ হাজার ৭৪১ ভোট। তাঁর ভোট বেড়েছে ১৯ হাজার ৯৪৫টি। এ থেকে বোঝা যায়, দলীয় ঐক্যের কারণে ভোট ভাগাভাগি না হওয়ায় এবার বিএনপি-সমর্থিত প্রার্থী আহসান জয়ী হয়েছেন।

মজিবর-সমর্থক নেতা-কর্মীরা দাবি করেন, দলের এই ঐক্যের নায়ক সাংসদ মজিবর। তবে আহসান হাবিব এখনো জেলা বিএনপির সভাপতির পদ না ছাড়ায় দুজনের দীর্ঘদিনের বিরোধ আবারও শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এটা হলে ঐক্যে বিভক্তি দেখা দেবে, যা নেতা-কর্মীরা চান না।

মজিবর-আহসান-এবায়েদুলের বিরোধ: দলীয় সূত্র জানায়, মজিবর ও আহসানের দ্বন্দ্বের শুরু নব্বইয়ের দশকে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে নির্বাচিত হন আবদুর রহমান বিশ্বাস। তিনি পরে জাতীয় সংসদের স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে ওই শূন্য আসনের উপনির্বাচনে সাংসদ হন মজিবর। কিন্তু ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে ওই আসনে রহমান বিশ্বাসের ছেলে এহতেশাম উল হক নাসিম বিশ্বাস বিএনপির মনোনয়ন পেলে রহমান বিশ্বাসের সঙ্গে মজিবরের দীর্ঘদিনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ১৯৯৮ সালে নাসিম বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে রহমান বিশ্বাস ওই আসনে তাঁর আরেক ছেলে জামাল বিশ্বাসের মনোনয়নের জন্য চেষ্টা করেন।

সূত্র জানায়, নাসিম বিশ্বাসের মনোনয়নে সমর্থন এবং জামাল বিশ্বাসের মনোনয়ন পাওয়ার চেষ্টায় যুক্ত থাকায় আহসান হাবিবের সঙ্গে মজিবর রহমানের দ্বন্দ্ব শুরু হয়। ২০০৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে দলীয় সমর্থন পান মজিবর। ওই নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন আহসান ও এবায়েদুল। নির্বাচনে বিজয়ী মজিবর ৪২ হাজার ৬২১, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এনায়েত পীর খান ৩২ হাজার ৬৫৫, আহসান ২০ হাজার ২৪৮ এবং এবায়েদুল ১৩ হাজার ৮৫৬ ভোট পান। ওই নির্বাচনের পর আহসান ও এবায়েদুলকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। রাজনীতিতে আহসান প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েন। ২০০৯ সালে তাঁকে দলে ফিরিয়ে নেওয়ার পর কেন্দ্রীয় মৎস্যবিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সভাপতি করা হয়। দলে ফেরার পর তাঁর সঙ্গে আবার দ্বন্দ্ব শুরু হয় মজিবরের। এ দুজনের দ্বন্দ্বে এ পর্যন্ত দুজন নেতা-কর্মী নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন। দলে এবায়েদুলের এখন কোনো পদ নেই।

বরিশালে বিএনপির রাজনীতির শুরু রহমান বিশ্বাস ও অধ্যক্ষ ইউনুস খানের নেতৃত্বে। এর পরপরই মজিবর শ্রমিক রাজনীতি থেকে রহমান বিশ্বাসের হাত ধরে বিএনপিতে আসেন। আহসান ১৯৭৯ সালে শহর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হন। ১৯৮৪ সালে বরিশাল পৌরসভা নির্বাচনে কমিশনার এবং ১৯৯৪ সালে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০০ সালে বরিশাল পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে তিনি ২০০৩ সাল পর্যন্ত প্রশাসক ও ভারপ্রাপ্ত মেয়র ছিলেন।

বিএনপির নেতা-কর্মীরা জানান, আহসানের সঙ্গে এবায়েদুলের বিরোধও অনেক দিনের। এ কারণে জেলা সভাপতি পদ নিয়ে এ তিনজনের মধ্যে পুরোনো বিরোধ আবারও যেকোনো সময় চাঙা হতে পারে।