বাঙালি সংস্কৃতি বিভক্ত, বিভক্ত এমনকি বাংলাদেশি সংস্কৃতিও৷ বাংলাদেশের সংস্কৃতির শতধা বিভক্তি খুবই দুঃখজনক ও এটি স্বাধীন রাষ্ট্রের একধরনের ব্যর্থতা৷ এ রাষ্ট্র একটা ঐক্যবদ্ধ সংস্কৃতি তৈরি করতে পারছে না৷
গতকাল বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কবি আবদুল গফ্ফার দত্ত চৌধুরী স্মারক বক্তৃতায় প্রথিতযশা কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এসব কথা বলেন৷
গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে সপ্তমবারের মতো কবি আবদুল গফ্ফার দত্ত চৌধুরী স্মারক বক্তৃতা শুরু হয়৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আবদুর রহিম৷ ‘বাঙালি সংস্কৃতির খোঁজে’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসান আজিজুল হক৷
মূল প্রবন্ধ উপস্থাপন শেষে হাসান আজিজুল হকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া৷ এতে অতিথি হিসেবে বক্তব্য দেন কবি আবদুল গফ্ফার দত্ত চৌধুরীর ছেলে আলী মোস্তাফা চৌধুরী৷