ঐক্যবদ্ধ হতে ডাক দিলেন ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানপ্রণেতা ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, আমাদের মধ্যে ভিন্নমত থাকতে পারে, আমরা ভিন্ন দলের সদস্য হতে পারি। কিন্তু সংবিধানকে কেন্দ্র করে আমাদের মূল্যবোধের একটা ঐক্য থাকবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ড. কামাল হোসেন এসব কথা বলেন।
কামাল হোসেন বলেন, স্বাধীনতাবিরোধী ও সংবিধানবিরোধীদের বাদ দিয়ে
একে অপরের ঐক্য দরকার। স্বকীয়ভাবে ভূমিকা রাখতে হবে। সংবিধানে লিখে দিলে সবটা কার্যকর হবে ভাবলে ভুল হবে। কার্যকর করার জন্য সমাজ পরিবর্তন করতে হবে।
উদ্বোধনী বক্তব্যে আমীর-উল ইসলাম বলেন, সবার প্রত্যাশা, বাহাত্তরের সংবিধান পুনর্বহাল হবে। কিন্তু স্বাধীনতার ৪২ বছর পরও জাতির সেই প্রত্যাশা পূরণ হয়নি। আইনজীবী সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য (সিমেন্টিং ফোর্স) অনুঘটক শক্তি হিসেবে গণতান্ত্রিক আইনজীবী সমিতি ভূমিকা রাখবে।
আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘আমার-আপনার জাতির প্রতি দায়বদ্ধতা আছে। এই বিচার বিভাগের প্রতি দায়বদ্ধতা আছে। আসেন ঐক্যবদ্ধভাবে কাজ করি। রাজনীতিকে এই অঙ্গন থেকে দূর করি। নিজেদের মিছিল ও স্লোগান থেকে বিরত রাখি। আইন অঙ্গনকে শুধু আইন পেশার স্বার্থে রাখব।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমাদের সবার দায়িত্ব বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় একমত থাকা এবং ঐক্যবদ্ধ থাকা। গণতান্ত্রিক শাসনব্যবস্থা রক্ষা করার জন্য প্রয়োজন শক্তিশালী বিচার বিভাগ। সুষ্ঠু ন্যায়বিচার সত্যিকার অর্থে নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার।’
গণতান্ত্রিক আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্রনাথ নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল বারি, মমতাজ উদ্দিন মেহেদী প্রমুখ।