ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম নগর আ.লীগ
২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। গত মঙ্গলবার বিকেলে নগরের দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে ওই কর্মসূচির আয়োজন করা হয়।নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বিবদমান পক্ষের নেতা-কর্মীরা যোগ দেন। নির্বাচনী এলাকায় দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় স্মরণসভায় যোগ দিতে পারেননি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি। তবে তাঁদের অনুসারীরা এই সভায় যোগ দেন। এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এক মঞ্চে এসেছিলেন মহিউদ্দিন চৌধুরী, আফছারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসি।দলীয় সূত্রমতে, চট্টগ্রামের রাজনীতিতে এ বি এম মহিউদ্দিন চৌধুরী একটি অংশের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আর নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে আরেকটি অংশ আলাদা কর্মসূচি পালন করে আসছিল। গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নুরুল ইসলাম বিএসসির মনোনয়নের বিরোধিতা করেছিলেন মহিউদ্দিন চৌধুরী। এ কারণে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে নুরুল ইসলাম বিএসসির দ্বন্দ্ব শুরু হয়। পরে আফছারুল আমীনও মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বিরোধে জড়িয়ে যান।সূত্র জানায়, বিরোধ মেটাতে মহিউদ্দিন চৌধুরী ১৫ আগস্টের আগে নুরুল ইসলাম বিএসসি ও আফছারুল আমীনের বাসায় যান। মহিউদ্দিন চৌধুরী জাতীয় শোক দিবসের কর্মসূচিতে যোগ দিতে দুজনকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে দুজনই শোক দিবসের কর্মসূচিতে অংশ নেন। এর পর থেকে দুই পক্ষের মধ্যে কোন্দল আপাতত কেটে গেছে বলে দলীয় নেতা-কর্মীরা মনে করছেন।মঙ্গলবারের সভায় নগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন, সুনীল সরকার ও মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, আ জ ম নাছির উদ্দিন, বদিউল আলম ও এম এ রশিদ, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, মো. গিয়াসউদ্দিন, সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা সবাই মহিউদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম বিএসসি ও আফছারুল আমীনের অনুসারী হিসেবে পরিচিত।স্মরণসভায় এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে সেই সময়ের বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছিল। জননেত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতাদের হত্যা করে জাতিকে নেতৃত্বশূন্য করতেই ওই হামলা চালানো হয়।’