গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু অমর। যে আদর্শকে কেন্দ্র করে তিনি জীবন উৎসর্গ করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ড. কামাল এ কথা বলেন। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন এই শোকসভার আয়োজন করে।ড. কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ আমাদের কাছে আমানত।’ তিনি আরও বলেন, জনগণকে দেওয়া কথা জীবন দিয়ে রক্ষা করতে হয়। বঙ্গবন্ধু নিজের জীবন দিয়ে তা প্রমাণ করে গেছেন।ড. কামাল আরও বলেন, ‘মানুষের মৃত্যু হতে পারে, তবে আদর্শের মৃত্যু ঘটে না। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তাঁর আদর্শের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে আছেন।’ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, এটিই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। বাহাত্তরের সংবিধান নিয়ে কোনো বিতর্ক ছিল না। এতে দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রোকনউদ্দিন বলেন, ‘আপনার মন্ত্রিসভায় যেসব দুর্নীতিবাজ ও অযোগ্য ব্যক্তি আছেন, তাঁদের প্রতি কঠোর হন। বর্তমান সময়ে যে ভাঙা রাস্তা, ট্রাফিক জ্যাম, গ্যাস ও বিদ্যুৎ-সংকট, দুর্নীতি—এসবের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেননি। আপনি তাঁর কন্যা হিসেবে এসব সংকটের মোকাবিলা করার জন্য যথাযথ পদক্ষেপ নিন।’প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সাবেক নেতা মোস্তফা মহসিন মন্টু, মাহমুদুর রহমান মান্না, এম এ রশিদ, খালেদ মোহাম্মদ আলী প্রমুখ।