ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াত জোটের আন্দোলন মোকাবিলা করার জন্য তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি। বিএনপি-জামায়াত জোটের ‘অনিয়মতান্ত্রিক ও অগণতান্ত্রিক’ আন্দোলনে জনগণের সমর্থন নেই বলে দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের এই দুই নেতা।নগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় ওই দুই নেতা এসব কথা বলেন। সাংসদ নুরুল ইসলাম বিএসসির বাসভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ওয়ার্ড ও সাংগঠনিক থানার নেতা-কর্মীরা অংশ নেন। এই দুই নেতা নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত। তবে সভায় মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বিরোধ নিয়ে কোনো বক্তব্য দেননি তাঁরা।প্রসঙ্গত গত শুক্রবার নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মহিউদ্দিন চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও তাঁর বিরোধী বলে পরিচিত এই দুই নেতা বা তাঁদের অনুসারীরা বর্ধিত সভায় যোগ দেননি।আগামী ৯ ফেব্রুয়ারি নগর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মতবিনিময় হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় আফছারুল আমীন বলেন, বর্তমানে নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। সভানেত্রী হয়তো আগের পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করতে পারেন।আফছারুল আমীন আরও বলেন, বর্তমান সরকার বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত লুটতরাজ এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্যক্রম শুরু করেছে। বিএনপি-জামায়াতের উচ্চপর্যায়ের নেতাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যভিত্তিক মামলার কার্যক্রম চলছে। আলোচনা সভায় নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘সামনে চারদলীয় জোট বিভিন্ন কর্মসূচি পালন করবে। এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে এসব আন্দোলন মোকাবিলা করতে হবে। আমরা কখনো বাধার সম্মুখীন হইনি। সম্মিলিতভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী, তারেক সোলায়মান প্রমুখ।