ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস বন্ধ করতে হবে: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস বন্ধ করতে হবে।’ তিনি বলেন, চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় আহত ব্যক্তিদের দেখতে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন। তবে কোন উপায়ে বা কীভাবে এ সংকটের সমাধান করা যায়, এ ব্যাপারে স্পিকার কিছু বলেননি।
এখন যে সহিংসতা চলছে, এর মূল কারণ হিসেবে বিএনপির দাবি অবৈধ সরকার বা অবৈধ সংসদ—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্পিকার পাল্টা প্রশ্ন করেন, অভিযোগের কারণে নিরীহ ব্যক্তিদের দগ্ধ করা ছাড়া কি এর সমাধানে আর কোনো পথ নেই? তিনি বলেন, ‘রাজনীতি চলমান প্রক্রিয়া, এর মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।’
সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে স্পিকার হিসেবে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার বলেন, ‘এই মুহূর্তে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, তা বন্ধে আমরা সুদৃঢ় অবস্থান নিয়েছি।’
আজ দুপুর পৌনে ১২টার দিকে সংসদের কয়েকজন হুইপ ও সাংসদসহ স্পিকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট যান। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করে চলে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, ‘যে ধরনের দৃশ্য ভেতরে দেখতে হলো, তা একটি কলঙ্কজনক অধ্যায়। খুবই নৃশংস ও নারকীয়। এ ধরনের সন্ত্রাস, সহিংসতা রাজনীতি হতে পারে না। এ ধরনের সন্ত্রাস বন্ধে প্রত্যেক সচেতন বিবেকবান মানুষকে উদ্যোগ নিতে হবে। আমাদেরও একই দাবি, এ ধরনের আক্রমণ বন্ধ করেন।’