একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের দোসর ছিল, যারা এ দেশের স্বাধীনতা চায়নি, তারা এখনো সুযোগ খুঁজছে, সন্ত্রাস, জঙ্গিবাদের অপচেষ্টা চালাচ্ছে। জনগণ ও পুলিশকে এক হয়ে এদের মোকাবিলা করতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে পটুয়াখালী পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মুহাম্মদ মারুফ হাসান এ আহ্বান জানান।
শেখ মুহাম্মদ মারুফ হাসান আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে সে স্বপ্ন বাস্তবায়নেই পুলিশ কাজ করছে।
তিনি সমাজের উন্নয়নে সাংবাদিক ও পুলিশকে এক হয়ে কাজ করার অনুরোধ করেন।
পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুররহমানের সভাপতিত্বে সমাবেশে জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদ, কোস্টগার্ড সিজি বেইস অগ্রযাত্রার কমান্ডার ক্যাপ্টেন সেরাফুল্লাহ, পটুয়াখালীর পৌর মেয়র শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুজ্জামান মনি, মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকী, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ, দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিকদারসহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।