বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ঐক্যের ডাককে ‘ভাঁওতাবাজি’ বলে মন্তব্য করেছেন ১৪-দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবিলা করা সম্ভব।
গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪-দলীয় জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেগম জিয়ার ঐক্যের ডাক ভাঁওতাবাজি ছাড়া কিছু না। টোটালি স্ট্যান্টবাজি। শেখ হাসিনার ডাকে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এখন নিজের চামড়া বাঁচানোর জন্য তাঁরা ঐক্যের কথা বলছেন।’
বৈঠকে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী জোটের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। নাসিম কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ৩০ জুলাই মাগুরায় ও ১১ আগস্ট দিনাজপুরে ও ৩১ জুলাই ঢাকায় মহানগর নাট্যমঞ্চে প্রতিরোধ সমাবেশ করা হবে।
কল্যাণপুরে নিহত ব্যক্তিরা জঙ্গি না সাধারণ মানুষ, তা নিয়ে বিএনপি নেতা আ স ম হান্নান শাহের সন্দেহ প্রকাশের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘চিহ্নিত জঙ্গি খতম করার পরে বিএনপির এক নেতা বলেন জঙ্গি কি না, বিচার করে দেখতে হবে। জঙ্গিদের উৎসাহিত করার জন্য, জঙ্গিদের উসকানি দেওয়ার জন্য এ ধরনের কথা তাঁরা বলছেন।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে জোটের সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদের (একাংশ) সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, তরীকত ফেডারেশন মহাসচিব এম এ আউয়াল প্রমুখ।