ঐক্যের প্রতীক বন্ধু সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে জাফর খাঁ নদ। সেতু না থাকায় উত্তর পাড়ের লোকজন সহজে জেলা ও উপজেলা শহরে যেতে পারতেন না। কৃষকেরা নিতে পারতেন পণ্য। দুই পাড়ের শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হতো।
যুগ যুগ ধরে চলা এই দুর্ভোগ লাঘবের জন্য দুই পাড়ের লোকজন টাকা ও স্বেচ্ছাশ্রম দিয়ে নদের ওপর নির্মাণ করেছেন সেতু। এর নাম ‘বন্ধু সেতু’। এই সেতুই দুই পাড়ের মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে এক নতুন মেলবন্ধন। আর এ কাজে উৎসাহ জুগিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন। গত রোববার সেতুটি উদ্বোধন করেন তিনি।
এলাকাবাসী জানায়, জাফর খাঁ নদের উত্তর ও দক্ষিণ পাড়ে মেঘনা নদীর মোহনার কাছে গড়ে উঠেছে দুটি বাজার। একসময় নদের দক্ষিণ পাড়ে গড়ে ওঠে পানিশ্বর বাজার। চার দশক আগে নানা বিষয় নিয়ে দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ধীরে ধীরে বিরোধ বাড়তে থাকে। এই বিরোধকে কেন্দ্র করে নদের উত্তর পাড়ে গড়ে ওঠে আরেকটি বাজার। উভয় বাজারের পাশেই গড়ে ওঠে মসজিদ, মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। স্বাধীনতার পর থেকে একাধিকবার পানিশ্বর এলাকায় নদের ওপর সেতু নির্মাণের চেষ্টা হয়েছে। কিন্তু দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে বিরোধপূর্ণ সম্পর্কের কারণে শেষ পর্যন্ত সেতু হয়নি।
এলাকাবাসী আরও জানান, নানা কারণে কয়েক মাস আগে দুই পাড়ের বাসিন্দারা নদের পাকা সেতু নির্মাণ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে সেতু নির্মাণের জন্য পানিশ্বর মানব উন্নয়ন সংস্থা নামের একটি কমিটি করেন। পানিশ্বর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা মিয়াকে কমিটির সভাপতি করা হয়। প্রথমেই এগিয়ে আসেন পানিশ্বর বাজার আড়তদার সমিতি ও পানিশ্বর বাজার দোকান মালিক সমিতি। আড়তদার সমিতি পাঁচ লাখ আর দোকান মালিক সমিতি তিন লাখ টাকা দেয় কমিটিকে। দুই পাড়ের দুই শতাধিক প্রবাসী তরুণ পাঁচ হাজার টাকা করে দেন। এ ছাড়া উভয় পাড়ের প্রতিটি পরিবার সাধ্যমতো টাকা দেন। প্রতিটি পরিবারের পুরুষ সদস্যই স্বেচ্ছাশ্রম দিয়েছেন। এভাবে ৫০ মিটার দৈর্ঘ্য আর সাড়ে তিন মিটার প্রস্থের সেতু নির্মাণের কাজ শেষ হয়। স্থানীয় লোকজন সেতুর নাম দিয়েছেন বন্ধু সেতু।
সেতু নির্মাণ কমিটির সভাপতি মোস্তফা মিয়া বলেন, ‘ইউএনও মোহাম্মদ এমরান হোসেনের পরামর্শ আর সহায়তায় সেতু নির্মাণ করতে পেরেছি। এখানে ৫০ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে।’
ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, দুই পাড়ের মানুষের টাকা আছে, শুধু ঐক্যের অভাবে এত বছর ধরে সেতু নির্মাণ হচ্ছিল না। অনৈক্য দূর হয়ে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। তাই তাঁদেরই অর্থ আর শ্রমে নির্মিত হয়েছে বন্ধু সেতু।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেতুটি নির্মিত হওয়ায় জাফর খাঁ নদের উত্তর পাড়ের দেওবাড়িয়া, তারাখলা, নয়াহাটি, শাখাইতি, নাইলা ও সিমনা গ্রামের ৩০ হাজার অধিবাসী সহজে উপজেলা ও জেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে সহজে যেতে পারছেন। কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন। এটি নির্মিত হওয়ায় শিক্ষার্থীরাও উপকৃত হবে।