ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার ঐতিহাসিক ৭ জুন। ছয় দফা দিবস। বাঙালির স্বাধিকার আন্দোলনের এক অবিস্মরণীয় মাইলফলক এটি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের ৭ জুন।১৯৬৬ সালের ১৩ মে আওয়ামী লীগ আয়োজিত পল্টনের এক জনসভায় ৭ জুন হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়। জুন মাসব্যাপী ছয় দফা প্রচারে বিপুল কর্মসূচি নেওয়া হয়। ৭ জুন তেজগাঁওয়ে বেঙ্গল বেভারেজের শ্রমিক সিলেটের মনু মিয়া গুলিতে প্রাণ হারান। নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মারা যান ছয়জন শ্রমিক। ঢাকা-নারায়ণগঞ্জ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ধ্যায় কারফিউ জারি করা হয়।পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ১০ ফেব্রুয়ারি লাহোরে এক সম্মেলনে ছয় দফা প্রস্তাব দেন, যা মূলত ছিল বাঙালির স্বায়ত্তশাসনের দাবি। ছয় দফা উপেক্ষিত হওয়ায় আন্দোলন দ্রুতই স্বাধীনতার দাবিতে রূপ নেয়।কর্মসূচিছয় দফা দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে ভোরে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বেলা চারটায় আলোচনা সভা। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও জনগণকে আহ্বান জানানো হয়েছে।