ঐতিহাসিক ছয় দফার সুবর্ণজয়ন্তী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস। ৫০ বছর আগে ১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফার পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও তৎকালীন ইপিআরের গুলিতে মনু মিয়া, সফিক, শামসুল হক, মুজিবুল হকসহ বেশ কয়েকজন মানুষ শহীদ হন। পাকিস্তানি জান্তা সরকার রাতে কারফিউ জারি করে।
এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় উনসত্তরের গণ-অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় বাঙালি জাতি। ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদে পরিণত হয়।
ছয় দফা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছয় দফা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি নিয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের পর বঙ্গবন্ধু ভবন, দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৯টায় ধানমন্ডিতে ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। এরপর বেলা ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে মহানগর নাট্য মঞ্চে (গুলিস্তান) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল এক বিবৃতিতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশব্যাপী ঐতিহাসিক ছয় দফা দিবস পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব শাখাসহ সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।