ঐতিহাসিক তেভাগা দিবস পালিত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের তালপুকুর বাজিতপুর চেন্তু বটতলায় গতকাল বুধবার ঐতিহাসিক তেভাগা দিবস পালিত হয়েছে। দিনাজপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও উন্নয়ন সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত ‘তেভাগা চেতনা পরিষদ’-এর ব্যানারে দিবসটি পালন করা হয়।বেলা ১১টার দিকে তেভাগার সৈনিকদের স্মৃতির মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একটি শোভাযাত্রা ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চেতনা পরিষদের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ভলান্টিয়ারি সার্ভিসেসের নির্বাহী পরিচালক মো. আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলাকায় তেভাগা আন্দোলনের একমাত্র জীবিত বীর দীনবন্ধু রায় (৮৫), মনোয়ারা বেগম, আবুল কালাম আজাদ, শাহজাহান শাহ, মো. আলতাফ হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রবিউল আউয়াল, নাট্যকর্মী তারেকুজ্জামান, গোলাম কিবরিয়া, মো. শহীদুল ইসলাম ও মো. সাখাওয়াত হোসেন।আলোচনা শেষে তেভাগা দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।