ঐতিহাসিক নিদর্শন রক্ষায় নৌকাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সিদ্ধিপাশা মিয়াবাড়ি মসজিদ, খুলনার মুজগুন্নীর খানজাহান আলী দীঘি, অভয়নগরের ১১ মন্দিরসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রক্ষা এবং নদী দখল ও দূষণ রোধে সচেতনতা বাড়াতে ‘নৌকাযাত্রা’ করেছে খুলনা ঐতিহ্য সংরক্ষণ পরিষদ।
গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে খুলনার জেলখানা ঘাট থেকে ১৫ জনের একটি দল নৌকাযাত্রায় অংশ নেয়। দলটি নদীপথে যশোরের সিদ্ধিপাশা পর্যন্ত যাওয়ার কথা থাকলেও তারা খুলনার ফুলতলা পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার গিয়ে যাত্রাবিরতি করে।
খুলনা ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আবদুল্লাহ হোসেন বলেন, ‘খুলনার অনেক পুরাতন ঐতিহ্যবাহী নিদর্শন আছে। কিন্তু সংরক্ষণ না করায় সেগুলো এখন ধ্বংসের মুখে। আমরা চাই, সংশ্লিষ্ট প্রশাসন এগুলো সংরক্ষণ করে খুলনার ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলুক।
তা ছাড়া, খুলনায় অনেক নদী আছে। সেগুলো দখলে আর দূষণে এখন মৃতপ্রায়। তাই খুলনা তথা এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণ এবং নদীদূষণ ও দখল রোধে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এ নৌকাযাত্রার আয়োজন করেছি।’