ঐতিহাসিক প্রতিশোধ নেবে বিএনপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার হত্যা-গুম না থামালে গুপ্তঘাতক ও চক্রান্তকারীদের উচ্ছেদ করতে ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণ করবে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রিজভী বলেন, ‘স্বৈরাচারী, ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে জনগণের নেতৃত্বদানকারী জাতীয়তাবাদী শক্তি প্রধান ও শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে লড়াই করে যাচ্ছে। ঢালাও দমন-পীড়নের মোকাবিলা করতে একমাত্র ধারালো অস্ত্র হলো সংগঠিত জনগণের সম্মিলিত বুলন্দ আওয়াজ। এই নিপীড়ক-ফ্যাসিস্ট সরকার যদি হত্যা-গুম না থামায়, তাহলে গুপ্তঘাতক ও চক্রান্তকারীদের উচ্ছেদ করতে ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণ করবে জাতীয়তাবাদী শক্তি।’
বিএনপির এই নেতার অভিযোগ, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে র্যাব-পুলিশের পাশাপাশি সশস্ত্র যুবলীগ-ছাত্রলীগ মহড়া দিচ্ছে। সরকার নিজেদের বিজয় ধরে রাখতে সব ধরনের অপকর্ম অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে অনেক ক্ষমতা দেওয়া আছে। কিন্তু তারা তর্জন-গর্জন করলেও ভোট ডাকাতি থামাতে কোনো ব্যবস্থা নেয়নি।
ঐতিহাসিক প্রতিশোধ নিতে গিয়ে বিএনপিও খুন-গুম করবে কি না—এমন প্রশ্ন করা হলে রিজভী দাবি করেন, ‘বিএনপিকে হেয় করার জন্য এই নেতিবাচক প্রশ্ন করা হয়েছে।’ ঐতিহাসিক প্রতিশোধ কী, তা তাঁর বক্তব্যে উল্লেখ আছে বলে তিনি মন্তব্য করেন।