ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেছেন, দেশের মহান স্বাধীনতাযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের অবদান ও ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। তিনি দিবসটি উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টিতে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের এই দিনে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। ঘোষিত হয় স্বাধীনতার ঘোষণাপত্র। সেদিন থেকে এ স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।’