ঐতিহাসিক স্থাপনা সংস্কারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগরের বিভিন্ন ভবন, পঙ্খীরাজ সেতুসহ উপজেলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।গতকাল শুক্রবার পানাম নগরের পঙ্খীরাজ সেতুর পাশে সোনারগাঁ নাগরিক কমিটি ও দুটি পরিবেশবাদী সংগঠন ওই কর্মসূচি পালন করে। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়।সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামাল। বক্তব্য দেন স্থানীয় যুব সংঘ ক্লাবের সভাপতি মোতালিব মিয়া, সাধারণ সম্পাদক এম এ জামান, নাগরিক কমিটির সদস্য নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, স্থানীয় সোনারগাঁ পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান, সাংবাদিক বাবুল মোশারফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, স্থানীয় আমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান আহম্মেদ মোল্লা, পরিবেশবাদী সংগঠন নির্ভীকের সদস্য মাসুম মোল্লা প্রমুখ।বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ঐতিহাসিক পানাম নগর সংস্কারের নামে লুটপাট করা হয়। এ ছাড়া পুরোনো ভবনগুলোর আদি রূপ ফিরিয়ে দেওয়ার নাম করে সেগুলোর সৌন্দর্য নষ্ট করা হয়। বর্তমান সরকারের আমলে স্থাপনাগুলো সংস্কারের ব্যাপারে একাধিকবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবগত করা হয়েছে। তার পরও তারা পদক্ষেপ নিচ্ছে না। ফলে ঐতিহাসিক এ ভবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি পানাম নগরের বিভিন্ন স্থাপনার মূল্যবান কাঠ ও লোহা চুরি হয়ে যাচ্ছে।বক্তারা আরও বলেন, নগরের পাশের ঐতিহাসিক পঙ্খীরাজ সেতুটির মাঝখানের অংশ দুই বছর আগে ভেঙে পড়ে। পরে এলাকাবাসী একাধিকবার আন্দোলন করলেও সেতুটির সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।