ঐতিহাসিক ৭ মার্চে সোহরাওয়ার্দীতে আ.লীগের সমাবেশ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। আগামীকাল শুক্রবার বেলা তিনটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
সমাবেশ সফল করতে ইতিমধ্যে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকার আশপাশের জেলাগুলোর এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন।
দিনটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালির শোষণের ইতিহাস তুলে ধরেছিলেন। বাংলার মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নের সনদ হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বাংলার জনগণকে উদ্দেশ করে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’ এরই ধারাবাহিকতায় বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে।