ঐতিহ্য জাদুঘরের চতুর্থ বছরে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর তিন বছর পার করে চতুর্থ বছরে যাত্রা শুরু করল সোমবার। ২০১৮ সালের ১১ অক্টোবর প্রাচীন নিমতলি প্রাসাদের টিকে থাকা দেউড়ি সংস্কার করে ঐতিহ্য জাদুঘরের কার্যক্রম শুরু হয়।

এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘরের ভেতরের দৃশ্য
প্রথম আলো ফাইল ছবি

ঐতিহ্য জাদুঘরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইন সেমিনারের আয়োজন করে এশিয়াটিক সোসাইটি। সোসাইটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে সেমিনারে ঐতিহ্য জাদুঘরের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন কিউরেটর জাহাঙ্গীর হোসেন।

‘নায়েব - নাজিম আমলে ঢাকা: একটি পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক নুসরাত ফাতেমা। স্বাগত বক্তব্য দেন এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক সাব্বীর আহমেদ।

এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘরের মূল ভবন
প্রথম আলো ফাইল ছবি

বক্তারা বলেন, আঠারো ও উনিশ শতকে ঢাকা শাসন করেছেন নায়েব - নাজিমগণ। তাদের বসবাসের জন্য আঠারো শতকের শেষ অর্ধে নির্মাণ করা হয়েছিল নিমতলি প্রাসাদ। সেই প্রাসাদের একমাত্র নিদর্শন দেউড়ি ভবন। এই দেউড়ি ভবনেই প্রতিষ্ঠা করা হয়েছে ঐতিহ্য জাদুঘর। এখানে তুলে ধরা হয়েছে ১৭০০ থেকে ১৯০০ শতকের ঢাকার ইতিহাস। সেই সময়ের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য পাঁচটি গ্যালারিতে উপস্থাপন করা হয়েছে।

বক্তারা বলেন, ইতিমধ্যে দেশি-বিদেশি অতিথি জাদুঘর পরিদর্শনে এসে প্রশংসা করেছেন। বিভিন্ন গাইড বইতে এই জাদুঘরের তথ্য উপস্থাপন করা হয়েছে। স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে এই সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়েছে। জাদুঘরটি ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মাহফুজা খানম বলেন, এই জাদুঘরটি প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছিলেন অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ, অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী, অধ্যাপক আবু সাইদ এম আহমেদ। বাস্তবায়ন পর্যায়ে অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন