ঐতিহ্য ধ্বংস করে এমন রাজনীতি চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এমসি কলেজ বাংলাদেশের প্রাচীন একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া মানে বাংলাদেশের ঐতিহ্যকে পুড়িয়ে দেওয়া। যারা এ কাজ করেছে, তারা এ দেশের গণদুশমন। ঐতিহ্য ধ্বংস করে, এমন ছাত্ররাজনীতি আমরা চাই না।’ গতকাল বুধবার ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ আয়োজিত মানববন্ধনে একাত্ম হয়ে এমসি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ আহ্বান জানিয়ে ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি করেন।সিলেটের এমসি কলেজে গত রোববার রাতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে ছাত্রাবাসের তিনটি ব্লকের ৪২টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনার তিন দিন পরও জড়িত কাউকে গ্রেপ্তার না করায় গতকাল বিকেলে ছাত্রাবাসের প্রধান ফটকে মানববন্ধন করে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’।বিকেল পাঁচটায় মানববন্ধন চলাকালে এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী, রাজনীতিবিদ, বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্ম হন। সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সংগঠক আবদুল করিম কিমের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, সিলেট জেলা জাসদের সভাপতি হাজি কলমদর আলী, জাসদের সাধারণ সম্পাদক লোকমান আহমদ, নারী জোটের সভানেত্রী শামীমা আক্তার, সংস্কৃতি কর্মী শামসুল বাসিত, প্রান্তিক পর্ষদের সভাপতি উজ্জ্বল রায়, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, এমসি কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মতিউর রহমান, সামাজিক সংগঠন ‘নিনাই’ সভাপতি তায়েফ আহমদ চৌধুরী প্রমুখ। বক্তৃতায় সুলতান মোহাম্মদ মনসুর বলেন, ‘রাজনীতি দেশের জন্য, রাজনীতি কল্যাণের জন্য। রাজনীতি এভাবে জ্বালাও-পোড়াওয়ের জন্য নয়। সরকার গণদুশমনদের গ্রেপ্তার করে শাস্তি না দিলে সংক্ষুব্ধ জনতা একদিন তাদের ধরে শাস্তি দেবে।’ অর্থমন্ত্রীর নির্দেশ: এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনাকে একটি ‘লজ্জাকর তাণ্ডব’ উল্লেখ করেছেন সিলেট-১ আসনের সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল এক বিবৃতিতে অর্থমন্ত্রী এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। অর্থমন্ত্রী বিবৃতিতে বলেন, ‘আমি মর্মাহত যে তাণ্ডবটি বন্ধে প্রশাসন ও পুলিশ অনেক বিলম্ব করেছে।’ এই ধ্বংসযজ্ঞ সিলেটবাসীকে হতভম্ব ও বিক্ষুব্ধ করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমিও অতিশয় ক্ষুব্ধ ও প্রচণ্ড আক্রোশে রাগত। আমি সোমবার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলাম বলে কোনো মন্তব্য করিনি। সন্ত্রাসীরা কোনো দলের নয়, তারা নিজেদের সুবিধার জন্য বিভিন্ন দলের আশ্রয় নেয় এবং প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে তারা দলীয় দ্বন্দ্বের রূপ দিতে চেষ্টা করে।’প্রাক্তন ছাত্রদের বিবৃতিঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় ক্ষোভ আর বেদনার কথা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন ৩৮ জন ছাত্র। তাঁরা ছাত্রাবাসটি পুরোনো স্থাপত্যশৈলীতে পুনর্নির্মাণ এবং আগুন লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দাবি করেছেন।বিবৃতিতে প্রাক্তন ছাত্ররা বলেন, কলেজের শত বছরের ঐতিহ্যের পাশাপাশি এই ছাত্রাবাসেরও রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। ৯১ বছরের স্মৃতির ধারক সুবিশাল এই ছাত্রাবাস এখন পুড়ে কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। এখনকার দেশবরেণ্য ব্যক্তিরা ছাত্রাবাসটিতে থেকে পড়ালেখা করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক মনীষীরও পদধূলি পড়েছে এখানে। সহিংস ছাত্ররাজনীতির শিকার হয়ে এটি অঙ্গার হয়ে যাওয়ার দৃশ্য আমাদের বুকে বাঁধছে।বিবৃতিদাতা প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছেন: কলেজের অধ্যাপক ও ছাত্রাবাসটির সাবেক তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) এম বি চৌধুরী, সাবেক পররাষ্ট্রসচিব সি এম শফি সামি, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, স্পার্সোর সাবেক চেয়ারম্যান এ মোসাব্বির চৌধুরী, সাবেক সচিব এ কে আবদুল মুবিন ও সিদ্দিকুর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আতাউর রহমান, সাবেক তথ্যসচিব এম আই চৌধুরী প্রমুখ।