ঐতিহ্য সংরক্ষণের অঙ্গীকার
গাজী সারোয়ার হোসেন ও হাজি মোহাম্মদ সাহিদ—দুজনই আওয়ামী লীগের। তাঁরা কাউন্সিলর পদপ্রার্থীও। প্রচারে ব্যস্ত এ দুজনেরই দাবি, দল তাঁদের সমর্থন দিয়েছে।
গত শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের প্যারীদাস রোড, পাতলা খান লেন ও শ্যামাপ্রসাদ চৌধুরী লেনে দেখা গেল এই দুই প্রার্থীর প্রচারণা। সড়কে কাউকে দেখলেই জড়িয়ে ধরে ভোট চাইছেন। ভোটাররাও প্রার্থীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। প্রচারপত্র বিলি ও মিছিল করছেন সঙ্গে থাকা লোকজন। সাহিদের প্রতীক টিফিন ক্যারিয়ার, সারোয়ারের প্রতীক ঠেলাগাড়ি। পোস্টারে ছেয়ে গেছে মোহনী মোহন দাস লেন, রূপলাল দাস লেন, নর্থব্রুক হল রোড, ফরাশগঞ্জ রোড ও লেন ও লালকুঠি এলাকা।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপি-সমর্থিত প্রার্থী মো. ফরিদ উদ্দিনের প্রতীক মিষ্টিকুমড়া। কারাবন্দী ফরিদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাঁর স্বজনেরা। অবশ্য দলের বিদ্রোহী প্রার্থী কাজী সালেহউদ্দিন আহমেদ লাটিম প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
আওয়ামী লীগের সমর্থনের বিষয়ে গাজী সারোয়ার হোসেনের দাবি, এই ওয়ার্ডটি উন্মুক্ত রেখেছেন নেত্রী (শেখ হাসিনা)। তবে সাহিদের দাবি, তাঁকে একক সমর্থন দিয়েছে দল।
নির্বাচন নিয়ে কথা হয় গাজী সারোয়ার হোসেন, মোহাম্মদ সাহিদ ও কাজী সালেহউদ্দিনের সঙ্গে। তাঁরা তিনজনই পুরান ঢাকাকে বাসযোগ্য ও ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় জানালেন।
নির্বাচনী কৌশল হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন দুই ভাই। একজন মো. শওকত হোসেন, প্রতীক ঝুড়ি। আরেকজন মো. আরিফ হোসেন, প্রতীক ঘুড়ি। শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার পরিবার (গোষ্ঠী) যাকে সমর্থন করে, শেষ পর্যন্ত সেই থাকবে। আমরা দুই ভাই-ই এলাকার কাজ করতে আগ্রহী আছি।’
নর্থব্রুক হল রোড, ফরাশগঞ্জ লেন, ফরাশগঞ্জ রোড, উল্টিগঞ্জ লেন, মালাকার টোলাসহ ২৬টি লেন ও ৩৩টি মহল্লা নিয়ে গঠিত ৪৩ নম্বর ওয়ার্ড। এতে পঞ্চায়েত কমিটি রয়েছে সাতটি। ভোটার ২৪ হাজার ৬৪১ জন।