ঐতিহ্যপ্রিয় মানুষ পুরোনো বোমাং রাজবাড়ি হারাচ্ছে
বান্দরবানের প্রাচীন নিদর্শন পুরোনো রাজবাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এ বাড়ি যেমন বোমাং রাজার শাসনের প্রতীক, তেমনি জেলার একমাত্র প্রাচীনতম স্থাপত্য নিদর্শনও। বোমাং রাজপরিবারের বান্দরবানে আগমন ও বসতি স্থাপনের পর এ রাজবাড়িই প্রথম ইটের নির্মিত ভবন বলে রাজপরিবারের সবাই স্বীকার করেছেন। স্থানীয় লোকজন জানিয়েছে, প্রাচীন এ রাজবাড়ি বান্দরবানে আসা ঐতিহ্যপ্রিয় পর্যটকদের অন্যতম আকর্ষণ। তা ছাড়া প্রত্ননিদর্শন হিসেবে এটি শুধু রাজপরিবারের নয়, বান্দরবান বোমাং সার্কেলের প্রজাদেরও সম্পদ। রাজপরিবারের রাজবধূ মাম্যাচিং (সাবেক মহিলা সাংসদ) বলেন, রাজবাড়ির জায়গা এজমালি সম্পত্তি। এ জন্য প্রশাসনের উপস্থিতিতে রাজপরিবারের সদস্যদের মধ্যে জায়গা ভাগাভাগি হওয়ায় এটি ভেঙে ফেলার জন্য অপরিহার্য হয়ে উঠেছে বলে তাঁরা ভেঙে ফেলছেন। রাজপরিবারের প্রবীণ সদস্য কে এস প্রু চৌধুরী বলেছেন, প্রাচীন রাজবাড়ি সংরক্ষণ করে রাজশাসনের নিদর্শন রক্ষা, নাকি রাজপরিবারের ঐক্য বজায় রাখা হবে—রাজপরিবারের জন্য উভয় সংকট হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, কয়েক শ বছরের রাজপরিবারের সদস্যসংখ্যা বেড়েছে। সবাই রাজবাড়ি সংরক্ষণের চেয়ে জমি পেতে আগ্রহী বেশি। এ জন্য কলহ সৃষ্টি হতে পারে আশঙ্কায় বৃহৎ রাজপরিবারের সবার মতৈক্যে জায়গা ভাগবাটোয়ারা করে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। বান্দরবানের উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ক্যসামং মারমা বলেন, এ বাড়ি শুধু রাজপরিবারের সম্পদ নয়, বান্দরবানবাসীর সবার সম্পদ। কিন্তু কারও সঙ্গে আলোচনা না করে ভেঙে ফেলা হচ্ছে।সাংগ্রাইং উদ্যাপন কমিটির সাবেক সভাপতি অংছোমং মারমা বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের চেয়েও বোমাং রাজপরিবার নিজেদের শাসনের গৌরবের নিদর্শন হিসেবে এটি সংরক্ষণ করতে পারত। কালের পরিক্রমায় রাজার শাসন হারিয়ে গেলেও ইতিহাসের সরব সাক্ষী হতো এ ভবন। ৯৭ বছরের প্রবীণ বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী বলেন, পুরোনো রাজবাড়ি বান্দরবানে সবচেয়ে প্রাচীনতম ভবন। কিন্তু বোমাং রাজবংশের ঐতিহ্য অনুযায়ী, রাজপরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য রাজা হন। এ জন্য রাজা পরিবর্তন হলে রাজবাড়িও স্থানান্তর হয়। এই অবস্থায় পুরোনো রাজবাড়ি ভেঙে ফেলার ক্ষেত্রে বর্তমান রাজার করার কিছু নেই। বান্দরবান সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন পারভিন তিবরিজী বলেন, রাজপরিবারের উচিত ছিল প্রাচীন রাজবাড়ি রক্ষা করা। রাজা বিদ্যমান থাকতে রাজবাড়ি ভেঙে ফেললে প্রশাসনের করার কিছু নেই। বান্দরবানের মানুষ প্রাচীন একটি ঐতিহ্যের উত্তরাধিকার হারাল বলে তিনি মন্তব্য করেন।