চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের সাত দশকের ঐতিহ্যবাহী ঈদমেলা এখন জুয়ার আসরে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন থেকে খোদ স্থানীয় সাংসদও বিষয়টি স্বীকার করেছেন। কিন্তু জুয়া বন্ধে উদ্যোগী নন কেউই।
এলাকার প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চল্লিশের দশকের শুরুর দিকে মহারাজপুরের একটি আমবাগানে প্রথম ঈদমেলার আয়োজন করা হয়। সেই থেকে আজ পর্যন্ত প্রতিবছর ঈদুল ফিতরের পর সেখানে মেলা বসছে। মূলত এটি ছিল আবহমান গ্রামবাংলার মেলা বলতে যা বোঝায়, সেসব বৈশিষ্ট্যপূর্ণ। কাঠের আসবাব, বিভিন্ন তৈজস, মিঠাই-মন্ডা, চুড়ি-ফিতা, ইমিটেশনের গয়না, খেলনা, সার্কাস, পুতুলনাচ, যাত্রাসহ সব আয়োজনই থাকত। কিন্তু কয়েক বছর ধরে এটি ‘জুয়ার মেলা’ নামে পরিচিতি পেয়েছে। ঈদের দিন থেকে প্রায় মাসব্যাপী চলা এ মেলায় রাতভর জুয়া খেলা চলে।
গত শুক্রবার রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ‘ফিরকি’ বা ‘কাঠা’ নামের ৫০টির বেশি বোর্ডে চলছে জুয়া খেলা। বড় দানের (বেশি টাকার) খেলাগুলোতে বেশি ভিড়। এক হাত দিয়ে তির ছোড়া জুয়ার বোর্ডের কাছে পুলিশের কয়েকজন কনস্টেবলকেও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কয়েকটি ‘ফিরকি’তে (ঘূর্ণি চাকার বোর্ড) কিশোরদেরও জুয়া খেলতে দেখা যায়। খেলায় অংশ নেওয়া একটি ছেলে জানায়, সে সপ্তম শ্রেণির ছাত্র।
কয়েকটি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদের পৃষ্ঠপোষকতায় তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের উদ্যোগেই এ জুয়ার আসর বসছে। প্রতি রাতে পরের দিনের জুয়ার বোর্ডের নিলাম হয়। নিলাম পরিচালনা করেন সাংসদের ঘনিষ্ঠজনেরা। মেলা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে রয়েছেন সাংসদের ঘনিষ্ঠ সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এজাবুল হক।
মেলা কার্যালয়ে গিয়ে পরিচালনা কমিটির কাউকে পাওয়া যায়নি। সেখানে বসে ছিলেন পুলিশের কয়েকজন সদস্য। রাত সাড়ে আটটার কিছুক্ষণ পর সেখানে আসেন সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম। মেলায় জুয়ার আসরের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা মেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধের ব্যাপারে অধিক মনোযোগ দিচ্ছি। জুয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যাখ্যা দেবেন। এগুলো আমাদের এখতিয়ার-বহির্ভূত।’
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘জুয়া বন্ধের ব্যাপারে আমরা তৎপরতা নিতে যাচ্ছি। আমরা চাই, এসব বন্ধ হোক।’
ইউপি চেয়ারম্যান এজাবুল হকও জুয়ার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন থেকে চলে আসা ব্যাপারটি (জুয়া) হঠাৎ করে বন্ধ করা কঠিন। তবে আমি জুয়া বন্ধের পক্ষে। সাংসদের সহযোগিতা নিয়ে শিগগিরই জুয়া বন্ধের উদ্যোগ নেব।’
সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘এখনকার দিনে চরকি, ফিরকি গ্রামীণ মেলাগুলোর অনুষঙ্গ হয়ে গেছে। এটা ছাড়া মেলা জমতেই চায় না। তবে মহারাজপুর মেলায় অত্যন্ত সীমিত আকারে এসব চলছে।’ তিনি বলেন, সামান্য এ খারাপ দিকের বাইরে এই মেলা ঘিরে বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। আর আয়ের একটি বড় অংশ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করা হয়।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, মেলায় জুয়া খেলার কোনো অনুমতি নেই। এ ছাড়া জনগণকে বিপথগামী করে, এমন তৎপরতা বন্ধে সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া আছে। জুয়ার ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।