ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জব্বারের বলীখেলার ১০৩তম প্রতিযোগিতা আজ বুধবার অনুষ্ঠিত হবে। ১৯১০ সাল থেকে প্রতিবছর চট্টগ্রামের লালদীঘি ময়দানে এই কুস্তি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বলীখেলা উপলক্ষে লালদীঘি ময়দান ও আশপাশের এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে চলছে বৈশাখী মেলা। জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী প্রথম আলোকে বলেন, শৃঙ্খলা বজায় রাখতে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে মেলা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকেরা কাজ শুরু করেছেন। তিনি জানান, আজ বুধবার বিকেলে বলীখেলার উদ্বোধন করবেন চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) ও টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এবং বাংলালিংকের আঞ্চলিক প্রধান ফরহাদ হোসেন। চ্যানেল আই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার করবে। আয়োজক কমিটি সূত্র জানায়, এবার প্রায় ১৫০ জন প্রতিযোগী বলীখেলায় অংশ নেবেন। এবারের খেলায় বারবার চ্যাম্পিয়ন হওয়া দিদার বলীর অংশগ্রহণের কথা থাকলেও টেকনাফে এক বলীখেলায় অংশ নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন তিনি। তাই এবারের খেলায় তিনি অংশ নিতে পারছেন না। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক ২১ দিন খেলা থেকে বিরত থাকতে বলেছেন। আমার ভাগ্যটাই খারাপ। এবার খেলতে পারব না।’