ঐতিহ্যবাহী নাথপট্টি লেক সংরক্ষণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা-দাদার আমল থেকে দেখে আসা লেকটা চোখের সামনে দখল হয়ে গেল। এখন এটা ভাগাড়ে পরিণত হওয়ায় দুর্গন্ধ আর মশা-মাছির উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে।’ শহরের শত বছরের পুরোনো আর ঐতিহ্যবাহী নাথপট্টি লেকটির দুরবস্থার বর্ণনা করে কথাগুলো বলছিলেন বরগুনা শহরের নাথপট্টি এলাকার বাসিন্দা বাদল নাথ।বাদল নাথের মতো এলাকার অন্য বাসিন্দারাও লেকটির দুরবস্থা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, নির্বাচন এলেই লেকটি খনন ও অবৈধ দখলমুক্ত করে এটি রক্ষা করার আশ্বাস দেওয়া হয়। কিন্তু পরে সবাই ভুলে যান সেই আশ্বাসের কথা। পৌর নির্বাচন সামনে রেখে এবারও এলাকার বাসিন্দা ও শহরের পরিবেশসচেতন ব্যক্তিরা লেকটি সংরক্ষণের দাবি তুলেছেন।সরেজমিনে দেখা গেছে, বরগুনা শহরের নাথপট্টি এলাকার প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই লেকটির পশ্চিম অংশে আদর্শ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ লেকের প্রায় সব জমি দখল করে আধা পাকা একটি ঘর তুলেছে। বাকি যতটুকু আছে, তা-ও ময়লা-আবর্জনা ফেলে এবং গাছ লাগিয়ে ভরাট অব্যাহত রেখেছে। লেকের পশ্চিম দিকের বাসিন্দারা ঘর তুলে ও গাছ লাগিয়ে এটি সংকুচিত করে ফেলেছেন। বরগুনা সরকারি কলেজের ছাত্রীনিবাসের সামনের অংশ বনায়ন করে এবং লেকের মাঝ বরাবর টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। সব এলাকায় লেকটি এখন এক-দেড় হাত প্রশস্ততা নিয়ে কোনো রকমে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। লেকটির পূর্ব দিকের যে অংশ কোনো রকমে টিকে আছে, এর উত্তর ও পূর্বপাড় দখল অব্যাহত থাকায় ওই অংশের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। এ অংশের বাসিন্দারা লেকটিতে বসতবাড়ির সেপটিক ট্যাংকের সংযোগ এবং ময়লা-আবর্জনা ফেলায় এটি এখন দুর্গন্ধময় নর্দমায় পরিণত হয়েছে।এলাকার বাসিন্দা স্বপন সাহা বলেন, ১০ থেকে ১২ বছর আগেও লেকটিতে এলাকার বাসিন্দাসহ শহরের শত শত লোক গোসল করত এবং দৈনন্দিন কাজকর্মে এর পানি ব্যবহার করত। কিন্তু পশ্চিম দিকটা দখল হয়ে যাওয়ার কারণে জোয়ারের পানি আসা-যাওয়া ব্যাহত হয়ে এর পূর্বাংশও ভরাট হয়ে যাচ্ছে। এলাকার কিছু বাসিন্দা ময়লা-আবর্জনা ফেলে লেকটি ভরাট করে দখল অব্যাহত রাখায় এখন এর অস্তিত্ব প্রায় বিপন্ন্ন। বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জীব দাস বলেন, শত বছরের পুরোনো এই লেকের সৌন্দর্যবর্ধন ও সংরক্ষণের দাবিতে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন বেশ কয়েকবার মানববন্ধন করেছে। পৌরসভার পক্ষ থেকে এর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের আশ্বাসও দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে তা কার্যকর হয়নি। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যিনি মেয়র হবেন, তাঁর কাছে আমাদের প্রধান দাবি, লেকটি দখলমুক্ত করে এর সৌন্দর্যবর্ধন ও সংরক্ষণে তাঁরা উদ্যোগ নেবেন।এলাকার বর্তমান কাউন্সিলর মোশারেফ হোসেন খান বলেন, পৌরসভার উদ্যোগে ১৯৯৮ সালে লেকটির পূর্বাংশ খননের উদ্যোগ নেওয়া হয়েছিল। দুই বছর আগে তিনি খননের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছিলেন। তিনি জানান, লেকটির আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের জন্য দাতা সংস্থার কাছে দুই বছর আগে একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে।