প্রধান অতিথি নিয়ে বিরোধ। তাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী নৌবাবাইচ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে।
ভাদ্র মাসের শেষ দিন ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা উপলক্ষে উপজেলা সদরে কুমার নদে নৌকাবাইচ হয়। এটা দেড় শতাধিক বছরের চল। বিশ্বকর্মা পূজা উদ্যাপন কমিটি ও ভাঙ্গা বাজার বণিক সমিতি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এই আয়োজনে প্রথমে ভাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পরে ভাঙ্গা পৌরসভা এবং সব শেষে ভাঙ্গা উপজেলা পরিষদ সহযোগিতা দিচ্ছে।
বিশ্বকর্মা পূজা উদ্যাপন কমিটি গত বুধবার থেকে মাইকিং করছে। এতে বলা হচ্ছে, সরকারদলীয় সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার জাফরউল্লাহ নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কিন্তু গত শনিবার থেকে উপজেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করে জানানো হচ্ছে নৌকাবাইচের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। এ পরিস্থিতিতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ হবে কি না এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজনৈতিক চক্করে পড়ে এর আগে বেশ কয়েকবার নৌকাবাইচ বন্ধ ছিল।
ভাঙ্গা বিশ্বকর্মা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত বলেন, ‘আবহমানকাল ধরে বিশ্বকর্মা পূজা উপলক্ষে এই বাইচ হয়ে আসছে। পূজা কমিটিই এর মূল আয়োজক। আমরা এই বছর সাংসদ নিলুফার জাফরউল্লাহকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নিয়েছি।’
এদিকে ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, ‘অতীতে উপজেলা পরিষদের সহযোগিতায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকাবাইচ হয়েছে। আমাদের সঙ্গেও পূজা কমিটির লোকজন রয়েছেন। আমরা এলাকার নির্বাচিত সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত নিয়েছি।’
এই দ্বন্দ্ব নিরসনে গত রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠক হয়। কিন্তু কোনো সমঝোতা ছাড়াই পৌনে দুই ঘণ্টা পর বৈঠক শেষ হয়।
ইউএনও মোহাম্মদ কাজী ফয়সাল বলেন, ‘আমরা দুই পক্ষকে নিয়ে আবার বৈঠকে বসব। আশা করি, এই সমস্যার সমাধান হবে।’