ঐতিহ্যবাহী পুকুর ভরাট করে মেয়রের অবৈধ মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শায়েস্তা খাঁর আমলের পানাম নগর এলাকার ঐতিহ্যবাহী গোড়া চান্দের পুকুর অবৈধভাবে ভরাট করে মার্কেট নির্মাণ করছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান। সেখানে ‘পৌর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট’ লেখা সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছেন।
পৌর এলাকায় ৫৭ শতাংশ সরকারি অর্পিত সম্পত্তি দখলের ঘটনায় চার মাস আগে ভূমি কর্মকর্তারা সেখানে ‘সরকারি সম্পত্তি’ লেখা একটি সাইনবোর্ড টাঙিয়ে দিলেও মেয়র ও পুকুর ভরাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
পৌরসভার একাধিক বাসিন্দা জানান, পৌরসভার পানাম নগর এলাকার ভিটি আদমপুর মৌজায় এসএ ২০ নম্বর দাগ ও আরএস ৮৩ নম্বর দাগে অবস্থিত ৫৭ শতাংশ (দশমিক ৫৭ একর) জমিতে শায়েস্তা খাঁর আমলে ঐতিহ্যবাহী গোড়া চান্দের পুকুর ছিল। ওই অর্পিত সম্পত্তি দখল করে গত বছর সেখানে বালু ফেলে অবৈধভাবে ভরাট করেন সাদেকুর রহমান। এ জন্য তিনি সরকারের কোনো দপ্তরের অনুমোদন নেননি, বরং সরকারের টাকায় ভরাট কাজ করেন। এরপর মেয়র সেখানে পৌর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট নির্মাণের জন্য নির্ধারিত স্থানে সাইনবোর্ড টাঙিয়ে দেন। এরই মধ্যে অর্ধশত ক্ষুদ্র ব্যবসায়ী সেখানে অস্থায়ী টংঘর তুলে ব্যবসা শুরু করেন।
এলাকাবাসীর লিখিত অভিযোগের পর সোনারগাঁয়ের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা গত অক্টোবর মাসে ঘটনাস্থলে গিয়ে ওই সাইনবোর্ডের পাশে ‘সরকারি সম্পত্তি’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেন এবং অর্পিত সম্পত্তিতে সরকারের কোনো অনুমতি ছাড়া মার্কেট নির্মাণ করা যাবে না বলে মেয়রকে মৌখিকভাবে জানিয়ে দেন।
স্থানীয় নোয়াইল গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘পৌরসভা কর্তৃপক্ষ পুকুরটি ভরাট করার পর এলাকাবাসীর পক্ষে আমরা তৎকালীন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা না নিয়ে শুধু সাইনবোর্ড টাঙিয়ে দায়িত্ব শেষ করেছে।
যোগাযোগ করা হলে সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহমেঞ্চদ বলেন, পৌরসভা কর্তৃপক্ষ সরকারের কোনো অনুমতি ছাড়াই ঐতিহ্যবাহী পুকুরে বালু ফেলে ভরাট করেছে। পুকুরটি আবার সরকারের অর্পিত সম্পত্তি। তারা ওই জমি ইজারাও নেয়নি। সরকারের অনুমতি ছাড়া ভূমির কোনো শ্রেণী পরিবর্তন করারও নিয়ম নেই।
সাইনবোর্ড টাঙানো ছাড়া কোনো ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে ইমরান বলেন, ‘আমি এখানে যোগ দেওয়ার আগেই ঘটনাটি ঘটেছে বিধায় লিখিতভাবে কোনো নোটিশ দিতে পারিনি।’
সাদেকুর রহমান বলেন, ‘পুকুরটি সরকারি সম্পত্তি, এ কথা সত্যি। মার্কেট নির্মাণ শুরু হলে অবশ্যই সরকারি অনুমতি নেব। জনস্বার্থে পুকুরটি ভরাট করে এখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার জায়গা করে দেওয়া হয়েছে। মার্কেট নির্মিত হলে এর সুযোগ-সুবিধা এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা ভোগ করতে পারবেন।’