ঐতিহ্যবাহী বৈসাবি বর্জনের ডাক
খাগড়াছড়িতে আদিবাসীদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবির আনুষ্ঠানিকতা বর্জনের ডাক দিয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁরা এ আহ্বান জানান।খাগড়াছড়ি সদরের খবংপড়িয়ার ইয়ং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক হেপী চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ির ১৫টি আদিবাসী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ২৯ মার্চ এক সভায় বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।বিবৃতিতে বলা হয়, সাজেক ও খাগড়াছড়িতে আদিবাসীদের ওপর হামলার পর আনন্দ-উৎসব করার মতো পরিবেশ নেই। আক্রান্ত আদিবাসীরা বনে-জঙ্গলে ও খোলা আকাশের নিচে অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। এ অবস্থায় বৈসাবি উৎসবে শামিল হওয়া মানে হলো বৈসাবির মূল চেতনাকে ভুলে যাওয়া।অপরদিকে খাগড়াছড়ির আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ২০ মার্চ এক সভার মাধ্যমে একই কারণ উল্লেখ করে বৈসাবির সব ধরনের আনুষ্ঠানিকতা যেমন—শোভাযাত্রা, নাচগান ও বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা থেকে বিরত থাকা এবং অত্যন্ত সাদাসিধেভাবে বৈসাবি পালনের ডাক দিয়েছে। সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার বীরেন্দ্র কিশোর রোয়াজা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, হেডম্যান উক্যাসাইন চৌধুরী, কংচারী মাস্টার, কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা, পৌর কাউন্সিলর সুরভী খীসাসহ আদিবাসী সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা।