ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ শুরু ভূমিকর বাড়ানোর তাগিদ রাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে ১৩৪ বছরের ঐতিহ্যবাহী বোমাং রাজপুণ্যাহ উত্সব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। প্রজাদের কাছ থেকে সামন্ত রাজার খাজনা আদায়ের জাঁকজমকপূর্ণ বার্ষিক এই আনুষ্ঠানিকতাকে ঘিরে ঐতিহ্যপ্রিয় হাজারো পাহাড়ি-বাঙালি ও দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে বান্দরবান জেলা শহর মহামিলনমেলায় পরিণত হয়েছে। রাজপুণ্যাহ ও আদিবাসী ঐতিহ্যমণ্ডিত পুণ্যাহ মেলা শনিবার পর্যন্ত চলবে।সকাল ১০টায় রাজবাড়ী প্রাঙ্গণে জৌলুশপূর্ণ পরিবেশে সাজানো রাজদরবারে ৯৫ বছরের প্রবীণ ১৫তম বোমাং রাজা অংশৈপ্রম্ন চৌধুরী এসে হাজির হন। সেপাই-শাস্ত্রী, পাইক-পেয়াদা পরিবেষ্টিত হয়ে আসা রাজার সঙ্গে ছিলেন তাঁর সভাসদ, প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, বিশেষ অতিথি জেলা প্রশাসক মিজানুর রহমান, ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের প্রধান প্রসেনজিত্ চাকমা, ভারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রশিদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নীহার রঞ্জন হাওলাদার প্রমুখ। রাজা এসে পৌঁছার সঙ্গে সঙ্গে দরবারে উপস্থিত সবাই নিয়ম অনুযায়ী তাঁকে কুর্নিশ করে অভিনন্দন জানান।বোমাং রাজা অংশৈপ্রম্ন চৌধুরী পুণ্যাহ সভায় প্রজাদের উদ্দেশে তাঁর বার্ষিক ভাষণে বলেন, রাজপুণ্যাহ শুধু প্রজাদের কাছ থেকে খাজনা আদায়ের উত্সবের আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা যাবে না; একই সঙ্গে এ উত্সব পার্বত্য অঞ্চল ও সমতলের সব শ্রেণীর মানুষের মিলনক্ষেত্র হিসেবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণে ভূমিকা রাখছে। তিনি মৌজার হেডম্যান (মৌজাপ্রধান), পাড়ার কার্বারী (পাড়াপ্রধান) ও প্রজাদের উদ্দেশে শিক্ষায় মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো ব্যক্তি, পরিবার, জাতি কিংবা কোনো অঞ্চলের ভাগ্য পরিবর্তনের মূলমন্ত্র হচ্ছে শিক্ষা। এ জন্য সবার আগে শিক্ষায় উন্নয়নের জন্য গুরুত্ব দিতে হবে। দেশের ৬৪টি জেলার মধ্যে বান্দরবান পার্বত্য জেলা সবচেয়ে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ উল্লেখ করে বোমাং রাজা বলেন, ‘আসুন আমরা সবাই মিলে শান্তির এই ঐতিহ্য বজাই রাখার জন্য একযোগে কাজ করি।’ বোমাং রাজা সরকারের কাছে ভূমি রাজস্ব বাড়ানোর তাগিদ দিয়ে বলেছেন, জুমের খাজনা যখন ছয় টাকা নির্ধারণ করা হয়েছিল, তখন এক টাকায় চারটি বড় আকারের মোরগ পাওয়া যেত। এখন সেই সময়ের নির্ধারিত ভূমি রাজস্ব ও জুম খাজনায় রাজপুণ্যাহর ব্যয় সংকুলান করা সম্ভব হচ্ছে না।বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে রাজা অংশৈপ্রম্ন চৌধুরী হেডম্যান-কার্বারীদের কাছ থেকে জুমের খাজনা ও উপঢৌকন গ্রহণ করেন। দূর-দূরান্ত থেকে আসা হেডম্যান-কার্বারী ও প্রজারা উপঢৌকন হিসেবে কেউ মোরগ-মুরগি, কেউ ঐতিহ্যবাহী পাহাড়ি মদ, কেউ জুমের চাল রাজার হাতে তুলে দেন। রাজার দপ্তর সূত্রে জানা যায়, বোমাং সার্কেলে (১৯০০ সালের ব্রিটিশের পার্বত্য শাসনবিধি অনুযায়ী বান্দরবানকে বোমাং সার্কেল বলা হয়) ১০৯টি মৌজায় প্রায় সাড়ে ১১ হাজার জুমিয়া আদিবাসী পরিবার থেকে প্রতিবছর খাজনা আদায় ও উপঢৌকন নেওয়া হয়। প্রসঙ্গত, জুমচাষি আদিবাসীদের কাছ থেকে বোমাং রাজার আনুষ্ঠানিকভাবে খাজনা বা রাজস্ব আদায়কে রাজপুণ্যাহ বলা হয়। হেডম্যান ও কার্বারীরা জুমিয়াদের কাছ থেকে খাজনা আদায় করেন এবং পুণ্যাহ সভায় রাজার কাছে ওই খাজনা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।