ঐতিহ্যবাহী সারদা হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারদা স্মৃতি ভবন। সম্প্রতি সিলেট নগরের কিনব্রিজ-সংলগ্ন এলাকায়।
ছবি: আনিস মাহমুদ

সুরমা নদীর পাড় ঘেঁষেই মিলনায়তনটি। ৮৫ বছর আগে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের আদলে সারদা স্মৃতি ভবন নামের এ মিলনায়তন নির্মিত হয়। এরপর থেকেই নানা সাংস্কৃতিক পরিবেশনায় এখানে মঞ্চ মাতাতেন শিল্পীরা। তবে এখন মঞ্চে আলো জ্বলে না, মিলনায়তনে শোনা যায় না শিল্পীদের দরাজ কণ্ঠ। দীর্ঘদিন সংস্কারহীনতার কারণে এমন অবস্থা বলে সংস্কৃতিকর্মীদের অভিযোগ।

সিলেট নগরের কিনব্রিজ-সংলগ্ন এলাকায় ৩৯ শতক জায়গাজুড়ে সারদা স্মৃতি ভবনের অবস্থান। স্বদেশি আন্দোলনের নেতা, আইনজীবী, শিক্ষানুরাগী ও চা-ব্যবসায়ী সারদাচরণ শ্যামের (১৮৬২-১৯১৬) স্মৃতি রক্ষার্থে তাঁর ছোট ভাই বিমলাচরণ শ্যাম মিলনায়তনটি স্থাপন করেন। ১৯৩৬ সালের ২০ জানুয়ারি মিলনায়তনের উদ্বোধন করেন ভারতের আসাম প্রদেশের তৎকালীন গভর্নর স্যার মাইকেল কিন। মিলনায়তনের নাম ‘সারদা স্মৃতি ভবন’ হলেও এটি সারদা হল নামেই পরিচিতি পেয়েছে।

সংস্কৃতিকর্মীরা জানান, সে সময়ে সারদা হল তৈরিতে প্রায় এক লাখ টাকা ব্যয় হয়েছিল। এর পুরো টাকাই দিয়েছিল শ্যাম পরিবারের পরিচালনাধীন ইন্দেশ্বর টি অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড। নির্মাণসামগ্রী কলকাতা থেকে জাহাজে করে সিলেটে আনা হয়েছিল। তবে আশির দশকের মাঝামাঝি সময় থেকে রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে মিলনায়তনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। ২০০৫ সালের ২৮ মে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নির্দেশনায় মিলনায়তনের মূল অবকাঠামো ও অবয়ব ঠিক রেখে সিলেট জেলা পরিষদ সংস্কারের উদ্যোগ নেয়। সংস্কার শেষে ২০০৬ সালের ১ এপ্রিল ভবনের উদ্বোধন হয়। এর কয়েক বছর পর যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে মিলনায়তনটি আবার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। সিটি করপোরেশন এ মিলনায়তনের তত্ত্বাবধায়নের দায়িত্বে আছে।

সরেজমিন দেখা গেছে, ভবনের পলেস্তারা খসে পড়েছে। ছাদ চুইয়ে পানি পড়ছে। দেয়ালে জমেছে শেওলা। ফাটল তৈরি হয়েছে পিলার ও দেয়ালে। বিকল হয়ে আছে বৈদ্যুতিক বাতি। সিটি করপোরেশনের পীর হবিবুর রহমান পাঠাগারের কয়েক হাজার বই মিলনায়তনের ভেতরে বইয়ের তাকে থরে থরে সাজিয়ে রাখা। আরেক পাশে বৈদ্যুতিক বাতি স্তূপাকারে রাখা হয়েছে।

সারদাচরণের উত্তরাধিকারীদের একজন হচ্ছেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত শ্যাম জন। তিনি জানান, সংস্কৃতি–অন্তঃপ্রাণ সারদাচরণ হচ্ছেন তাঁর দাদু নরেশ চন্দ্র শ্যামের জেঠা। তাঁর দাদুর বাবা বিমলাচরণ শ্যাম প্রয়াত ভাইয়ের স্মৃতি অমলিন রাখতে সিলেটের প্রথম সংস্কৃতিমঞ্চ ‘সারদা স্মৃতি ভবন’ নির্মাণ করেছিলেন। এই মিলনায়তনের ভেতরে কাঠের পাটাতনের ওপর যে মঞ্চ ছিল, সেটির নামকরণ করা হয়েছিল ‘ক্ষীরোদ মেমোরিয়াল স্টেজ’। এই ক্ষীরোদ চন্দ্র দেব ছিলেন সারদাচরণ শ্যামের মেয়ের জামাই। তিনি একজন নাট্যকর্মী এবং ‘সারদা স্মৃতি ভবন’ নির্মাণকাজের তত্ত্বাবধায়ক ছিলেন।

সুজিত শ্যাম জন আরও জানান, সিলেটের প্রথম সংস্কৃতিমঞ্চটি ঐতিহাসিক কারণেই সংস্কার করে সংরক্ষণ করা প্রয়োজন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ঐতিহ্য রক্ষার স্বার্থেই মিলনায়তনের মূল অবকাঠামো অক্ষত রেখে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় সারদা হল সংস্কারের একটি পরিকল্পনা আছে। করোনা পরিস্থিতিতে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শিগগিরই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।