ঐতিহ্যবাহী 'লাকড়ি তোড়া' সম্পন্ন
হাতে জ্বালানি কাঠ সংগ্রহের উপকরণ। কেউ নতুন পোশাকে। কেউবা মাথায় বেঁধেছেন লাল কাপড়। ‘লালে লালÑশাহজালাল...’ স্লোগানে হয় পদযাত্রা। শহরতলির লাক্কাতুরা টিলা এলাকায় গিয়ে সংগ্রহ করা হয় জ্বালানি উপকরণ লাকড়ি।
হজরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ওরস সামনে রেখে গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোড়া’ সংগ্রহ হয়েছে। সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরগাহভক্ত নারী ও পুরুষ এতে অংশ নেন।
বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে হিজরি সাল অনুযায়ী এ উৎসব হয়। প্রায় ৭০০ বছর ধরে এটি হয়ে আসছে। গতকাল জোহরের নামাজের পর দরগাহ এলাকায় গিয়ে দেখা যায়, নানা সাজে সজ্জিত হয়ে মাজারভক্ত মানুষের উপস্থিতি। শিশু থেকে শুরু করে প্রবীণ নারী ও পুরুষও এই দলে। স্লোগানে স্লোগানে হাজারো মানুষ দরগাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকে।
জোহরের নামাজ শেষে দরগাহে সুরক্ষিত প্রাচীন ঐতিহ্যবাহী ‘নাকাড়া’ (বাদ্য) বেজে ওঠে। সঙ্গে সঙ্গে ্ত লোকজন শোভাযাত্রা করে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে লাক্কাতুরা চা-বাগানের টিলায় যান। সেখান থেকে জ্বালানি সংগ্রহ করে দরগাহে ফেরেন। সংগ্রহ করা এই জ্বালানি ওরসে শিরনি রান্নার কাজে ব্যবহৃত হয়।
কথিত আছে হজরত শাহজালাল (রহ.)-এর কাছে এক ব্যক্তি তাঁর পেশা কাঠুরে হওয়ায় মেয়েদের বিয়ে হচ্ছিল না বলে অনুযোগ করেন। এরপর শ্রেণি-বৈষম্য ঘোচাতে হজরত শাহজালাল (রহ.) সঙ্গীদের নিয়ে এক বেলা জ্বালানি কাঠ সংগ্রহ করেন। সেই থেকে এটি ‘লাকড়ি তোড়া’ হিসেবেই ঐতিহ্যবাহী এক লৌকিক উৎসব পালিত হয়ে আসছে।