ঐতিহ্যে হাতুড়ির ঘা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ৭০০ বছরের পুরোনো সোনারগাঁয়ের ঐতিহাসিক মহজমপুর শাহি মসজিদ l ছবি: প্রথম আলো
প্রায় ৭০০ বছরের পুরোনো সোনারগাঁয়ের ঐতিহাসিক মহজমপুর শাহি মসজিদ l ছবি: প্রথম আলো

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিরাট নোটিশ বোর্ড টাঙানো। লেখা রয়েছে—‘কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশে লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে ১৯৬৮ সালের ১৪ নম্বর পুরাকীর্তি আইনের ১৯ ধারার অধীনে এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আদেশক্রমে—মহাপরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর।’
এই নোটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় সাত শ বছর আগে নির্মিত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক মহজমপুর শাহি মসজিদের একাংশ ভেঙে ফেলা হয়েছে। ভেতরের দেয়ালে টাইলস বসানো হয়েছে। সামনের কূপ ভরাট করে ফেলা হয়েছে। মূল মসজিদের নকশা পরিবর্তন করে চলছে বর্ধিত ভবন বানানোর কাজ।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের গবেষণা অফিসার ও লেখক এ কে এম মুজাম্মিল হকের লেখা ‘ঐতিহাসিক সোনার গাঁ পরিদর্শন গাইড’ থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুরে শামস আল-দীন আহমদ শাহ ৮৩৩-৮৩৯ হিজরি মোতাবেক ১৪৩২/১৪৩৩-১৪৩৫/৩৬ খ্রিষ্টাব্দে ছয় গম্বুজবিশিষ্ট মসজিদটি নির্মাণ করেন। এটি আহমদ শাহের মসজিদ নামে পরিচিত। মোগল সম্রাট আকবরের রাজত্বকাল নিয়ে আবুল ফজলের লেখা আইন-ই আকবরী-তে মহজমপুরের বর্ণনা আছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মসজিদ পরিচালনা কমিটির লোকজন দুই মাস ধরে মসজিদের সামনের কিছু অংশ ভেঙে সেখানে নতুন করে একটি মসজিদ নির্মাণকাজ শুরু করেন। মসজিদের আদিরূপের নকশাসহ দেয়ালের বিভিন্ন অংশে নতুন করে টাইলস বসিয়ে ও রং করে তাঁরা প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য পুরোপুরি নষ্ট করে ফেলেছেন।
গতকাল শনিবার সরেজমিেন গিয়ে শ্রমিকদের নতুন ভবনের ছাদ নির্মাণের কাজ করতে দেখা গেছে।

নকশা পরিবর্তন করে চলছে বর্ধিত ভবন বানানোর  কাজ l ছবি: প্রথম আলো
নকশা পরিবর্তন করে চলছে বর্ধিত ভবন বানানোর কাজ l ছবি: প্রথম আলো

স্থানীয় জামপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল লতিফ বলেন, মসজিদটি পীর শাহ আলম দরগাহ শরিফ ওয়াক্ফ এস্টেটের অধীনে। তিনি জানান, মসজিদের সীমানায় ৮২ শতাংশ জমি ছিল। কিন্তু সেই জমির অধিকাংশ জায়গা প্রভাবশালী ব্যক্তিরা দখল করে নিয়েছেন।

এই পুরাকীর্তির কোনো ধ্বংস বা অনিষ্ট সাধন না করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নোটিশ বোর্ড l ছবি: প্রথম আলো
এই পুরাকীর্তির কোনো ধ্বংস বা অনিষ্ট সাধন না করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নোটিশ বোর্ড l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও পীর শাহ আলম দরগাহ শরিফ ওয়াক্ফ এস্টেটের সভাপতি মানসুরা আক্তার মনিরা বলেন, মসজিদটি এই এস্টেটের অধীনে হলেও মসজিদের কাজ তাঁর অধীনে হয় না। তিনি দাবি করেন, এই কাজ তাঁর অজ্ঞাতে হচ্ছে।
নির্মাণকাজের দেখভাল করছেন ওয়াক্ফ এস্টেট কমিটির সদস্য শহীদুল্লাহ সরকার। তিনি বলেন, ‘এলাকাবাসী নতুন একটি মসজিদ নির্মাণ করার দাবির কারণেই নতুন করে মসজিদ নির্মাণের কাজ চলছে। আমাদের এ কাজে সরকারের কেউ বাধা দেয়নি।’
মসজিদের মোতোয়াল্লি হুমায়ুন কবীর সরকার বলেন, মুসল্লিদের সুবিধার্থে এটা করা হচ্ছে। এতে আইনকানুন ভঙ্গ হচ্ছে বলে তিনি মনে করেন না।
গত বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি সোনারগাঁয়ের পানামনগর পরিদর্শনে এলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা মসজিদটির অংশ ভেঙে ফেলার ব্যাপারে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে তাৎক্ষণিক তাঁর সঙ্গে থাকা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভূঁঞা গতকাল প্রথম আলোকে বলেন, তিনি মসজিদের কিছু অংশ ভেঙে নকশা পরিবর্তন করার জন্য মসজিদ কমিটির কাছে কৈফিয়ত তলব করেছেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অতিরিক্ত সচিব রাখী রায় প্রথম আলোকে বলেন, তাঁরা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।