ঐতিহ্যের ছোঁয়ায় সাজছে সিলেট

সিলেট নগরকে অপরূপ রূপে সাজানো হচ্ছে। সিলেটি ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত বিষয়গুলোকে ভাবনায় রেখে নগরের আটটি গুরুত্বপূর্ণ মোড়ে দৃষ্টিনন্দন চত্বর নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিলেট সিটি করপোরেশন। এরই অংশ হিসেবে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে চত্বর নির্মাণের কাজ শুরু হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরের সুরমা পয়েন্টে ‘নাগরি চত্বর’, নাইওরপুল পয়েন্টে ‘কমলালেবু চত্বর’, কুমারপাড়া পয়েন্টে ‘জালালি কইতর চত্বর’ এবং শাহি ঈদগাহ্ এলাকায় ‘টেরাকোটায় নির্মিত হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজারের চিত্রসংবলিত চত্বর’ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রতিটি চত্বরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ লাখ টাকা।
একই সূত্র জানায়, নগরের কোর্ট পয়েন্ট, ধোপাদীঘিরপার, চৌহাট্টা পয়েন্ট এবং দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকায়ও চত্বর নির্মাণের জন্য নকশা প্রণয়নের কাজ চলছে। এর বাইরে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে চত্বর নির্মাণের পরিকল্পনা সিটি করপোরেশনের রয়েছে। এসব চত্বরে সিলেটের ঐতিহ্যবাহী চা-বাগান, হাওর, পাহাড়-টিলাসহ নানা বিষয়কে উপস্থাপন করা হবে।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখা জানিয়েছে, নগরের সুরমা পয়েন্টে নির্মিতব্য ‘নাগরি চত্বর’ নিয়ে সম্প্রতি প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর দেশ-বিদেশে অবস্থানরত সিলেটিরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। নির্মিতব্য বাকি চত্বরগুলোও সিলেটিদের জন্য গর্ব করার মতো বিষয় হবে। এগুলো হলো শাহজালাল ও শাহপরান মাজার, জালালি কবুতর, কমলালেবু, চা-বাগান, পাহাড়-টিলা ইত্যাদি।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, চত্বরগুলো নির্মিত হলে সিলেট প্রকৃতই ঐতিহ্যের শহরে রূপ নেবে। চত্বর নির্মাণের পাশাপাশি একটি মুঠোফোন কোম্পানির অর্থায়নে ব্রিটিশ আমলে নির্মিত কিনব্রিজকে নতুনভাবে আলোকিত করার পরিকল্পনা চলছে।
সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘গত নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই সিলেটবাসীর রুচি ও চাহিদাকে বিবেচনায় নিয়ে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করার প্রতিজ্ঞা করি। এ কারণেই সিলেটিদের ঐতিহ্য পর্যটকদের কাছে তুলে ধরতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে চত্বর স্থাপনের উদ্যোগ নিই।’