ঐতিহ্যের জামদানিপল্লিতে শেষ সময়ের ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরা বাজারের জামদানির হাটে কেনাবেচায় ব্যস্ত লোকজন। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো
ডেমরা বাজারের জামদানির হাটে কেনাবেচায় ব্যস্ত লোকজন। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো

ঈদ যত ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানিপল্লিতে কর্মব্যস্ততাও বেড়ে যাচ্ছে। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কারিগরেরা তৈরি করছেন বাহারি নকশার জামদানি শাড়ি। সপ্তাহের দুটি জামদানির হাটেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। কাঙ্ক্ষিত বেচাকেনায় তাঁতমালিকসহ সংশ্লিষ্ট সবাই খুশি।

গত কয়েক দিনে সরেজমিনে দেখা গেছে, ঈদ সামনে রেখে নাওয়া-খাওয়া ভুলে সমানে কাপড় বুনে যাচ্ছেন নোয়াপাড়ার জামদানিপল্লির বাসিন্দারা। পার্শ্ববর্তী কাজীপাড়া, দক্ষিণ রূপসী, বরাব, খালপাড়, পবনকূল, মোগরাকূল, সাদিপুর, বেহাকুর, মৈকুলী, নাওরা ভিটা, খাদুন, রূপসী, গন্ধর্বপুর, মুড়াপাড়া, ব্রাহ্মণগাঁও, গঙ্গানগর, হাটাবসহ আশপাশের গ্রামগুলোতেও চলছে তাঁতিদের কর্মব্যস্ততা। শরীর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তাঁতিরা যন্ত্র থেকে বের করে আনছেন হরেক নকশার একেকটি জামদানি শাড়ি।

ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্থানীয় দপ্তর সূত্রে জানা গেছে, ঈদে বাড়তি আকর্ষণের জন্য কারিগরেরা জামদানির নকশায় এনেছেন নতুনত্ব। তৈরি হচ্ছে চোখজুড়ানো ফুল তেরছি, ছিটার তেরছি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা তেরছি, ডালিম তেরছি, পার্টির জাল, পান তেরছি, গোলাপ, জুঁই, শাপলা, মদন পাইরসহ শতাধিক নকশার জামদানি। এগুলোর মধ্যে ছিটার জাল, সুই জাল জামদানির মূল্য সবচেয়ে বেশি। এসব জামদানি শাড়ির দাম পড়ে ৩০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত। এবার ঈদে দেশের বাজারের পাশাপাশি বিভিন্ন দেশে জামদানি শাড়ি রপ্তানি হয়েছে। জামদানির মেলা বসেছে ভারতসহ তিন–চারটি দেশে। এ ছাড়া নোয়াপাড়া জামদানি প্রজেক্টের ভেতরে এবং ডেমরা বাজারের সাপ্তাহিক দুটি হাটেও ক্রেতাদের উপচে পড়া ভিড় হচ্ছে। এসব হাটে কমপক্ষে আরও ১০ থেকে ১২ কোটি টাকার বিক্রিবাট্টা হবে বলে ধারণা বিসিক ও জামদানি ব্যবসায়ীদের। হাট দুটি প্রতি শুক্রবার মধ্য রাতে শুরু হয়ে শেষ হয় সূর্যোদয়ের আগেই। ভোর চারটা থেকে জমজমাট হয়ে ওঠে হাট। লেনদেন হয় কোটি টাকার ওপর। অন্যদিকে নোয়াপাড়া বিসিকের প্রজেক্টে নির্ধারিত হাটের জায়গায়ও একই সময়ে একই কায়দায় হাট বসে। সেখানেও ক্রেতাদের উপচে পড়া ভিড় হচ্ছে।

কাউসার জামদানি উইভিংয়ের মালিক হামিদুল্লাহ মিয়া বলেন, তিনিসহ স্থানীয় জামদানি ব্যবসায়ীরা ঈদের বেচাকেনায় সন্তুষ্ট। কিন্তু জামদানি তার অতীতের গৌরব অনেকটাই হারিয়ে ফেলেছে। জামদানিতে সরকারি নজরদারি বাড়িয়ে তাঁতি এবং ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দিলে এ শিল্প আবার স্বরূপে ফিরে আসবে।

ফিহানা জামদানি উইভিং ফ্যাক্টরির মালিক ফারুক হোসেন বলেন, অন্য বছরের তুলনায় জামদানি ভালো চলছে। জামদানির দাম তাঁতিরা না পেলেও মধ্যস্বত্বভোগীরা বেশি পাচ্ছে।

জামদানি রপ্তানির সঙ্গে জড়িত ব্যবসায়ী ইমান আলী বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী এ শিল্পের বিকাশে আমরা যারা দেশের বাইরে মেলায় অংশগ্রহণ করি, তাঁদের কাস্টমসে অনেক হয়রানির শিকার হতে হয়। এ কারণে ব্যবসায়ীরা বিদেশে গিয়ে মেলা করতে আগ্রহ হারিয়ে ফেলছেন।’ ব্যবসায়ী ইলিয়াছ ভুঁইয়া বলেন, ‘এখন জামদানির আদলে তৈরি হচ্ছে নকল জামদানি। আমাদের একটি সস্তা শাড়ি তৈরি করতে যেখানে সপ্তাহখানেক সময় লেগে যায়, সেখানে ভারত থেকে আমদানি করা একটি নকল জামদানি শাড়ি কম দামি সুতা আর মেশিনে তৈরি হয়ে যায় মাত্র কয়েক ঘণ্টায়। এতে করে বদনাম হচ্ছে জামদানি শাড়ির।’

রূপগঞ্জের নোয়াপাড়া জামদানি শিল্প নগরী বিসিকের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ‘জামদানি এ দেশের ঐতিহ্য। এ শিল্প বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কারিগরদের প্রশিক্ষণের মাধ্যমে জামদানিতে নতুনত্ব এনেছি। এ কারণে দেশে-বিদেশে চাহিদা বাড়বে জামদানির।’