
রাত প্রায় ১০টা। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের মাঠটির (বনানী মাঠ) চারদিক তখনো সরগরম। খুটখাট শব্দে মাঠের চারদিকে ছোট ছোট স্টল নির্মাণ চলছে। মাঝখানে মন্দিরের আদলে মেটে রঙের বিশাল স্থাপনা। রাজধানীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে এখানে।
বর্গাকার মন্দির নির্মাণে ব্যস্ত একদল কর্মী। চলছে মন্দিরের গায়ের কারুকার্য তৈরি। আয়োজকেরা জানালেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজির মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই প্যান্ডেল। তার গায়ে যে অজস্র টেরাকোটার কাজ আছে, তা-ও ফুটিয়ে তোলা হবে এখানে। একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পুরো এলাকার আলোকসজ্জার দায়িত্ব নিয়েছে। প্রতিমা বসানো হয়েছে। তাতে চলছে শেষ মুহূর্তের তুলির টান। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাস বললেন, ‘কান্তজির মন্দির বাংলার প্রাচীন ঐতিহ্যের স্মারক। এরই সঙ্গে আলোকসজ্জা, প্রতিমা নির্মাণের ভিন্নতা আর পূজাকেন্দ্রিক নানা আয়োজনের মাধ্যমে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করছি।’
দুর্গোৎসব সর্বজনীন হয়ে ওঠার পেছনে ইতিহাস আছে। শারদীয় দুর্গোৎসবকে বলা হয় অকালবোধন। রাজশাহীর তাহেরপুরের রাজা কংসনারায়ণই প্রথম জাঁকজমকের সঙ্গে এই অকালবোধন উদ্যাপন করেন ১৫৮৪ সালের দিকে। তবে কংসনারায়ণের পূজা ছিল একেবারেই পরিবারকেন্দ্রিক। দীর্ঘ সময় ধরে স্থায়ী মন্দিরে, রাজানুকূল্যে পালিত এ উৎসব মন্দির থেকে বেরিয়ে বারোয়ারি বা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে ধীরে ধীরে। প্রতিমা নির্মাণ, সাজসজ্জা থেকে শুরু করে এর নানা আয়োজনে এসেছে ভিন্নতা। সামাজিক নানা ঘটনাপ্রবাহও মূর্তি নির্মাণ ও অন্যান্য আয়োজনে ভিন্নতা এনেছে। ভারতের পশ্চিমবঙ্গের ললিতকলা আকাদেমির সহায়তায় ‘প্রিজার্ভেন্স অ্যান্ড ডিজিটাইজিং দ্য আর্ট আক্টিভিটিজ ডিউরিং দ্য টাইম অব পূজা ফেস্টিভালস ইন কলকাতা’ শীর্ষক গবেষণা করেছেন দেবদত্ত গুপ্ত। গবেষণায় দেখা গেছে, কালের বিবর্তনে বদলেছে এ উৎসবের চেহারা।
ভারতের পশ্চিমবঙ্গে থিম পূজা, ব্যাপক আলোকসজ্জা, পূজাকেন্দ্রিক নানা অনুষ্ঠানের আয়োজন কিন্তু বেশ আগে থেকেই চলে আসছে। তবে আমাদের দেশে এক কাঠামো বা একচালার প্রতিমা এখন শুধু পারিবারিক ও পুরোনো মন্দিরে দেখা যায়। কিন্তু এর বাইরে বেশির ভাগ ক্ষেত্রেই দেবী নানা কাঠামো নিয়ে উপস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের অধ্যাপক নারায়ণ চন্দ্র বিশ্বাস বললেন, দেবদেবীর প্রথাগত রূপের বাইরে দুর্গা ক্রমে ঘরের মেয়ের একটি রূপ নিয়েছে। এটি হিন্দু দর্শনেরই প্রতিফলন। দেব-দেবীকে নিজস্ব সংস্কৃতির আদলে গড়ে তোলা বা পরিবর্তন-পরিবর্ধন হিন্দু দর্শনের মূল বিষয়। দুর্গার অবয়বের এই পরিবর্তন এ উৎসবকে আরও সর্বজনীন করেছে।
এত দিন বেশির ভাগ কুমোর-পালই প্রতিমা নির্মাণের কাজটি করতেন। সেই ধারাতেও এসেছে পরিবর্তন। রাজধানীর কয়েকটি পূজায় কয়েক বছর ধরেই চারুকলা ইনস্টিটিউট থেকে পাস করে আসা পেশাদার শিল্পীরা প্রতিমা নির্মাণ করছেন। তাঁদের একজন উত্তম কুমার রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ভাস্কর্যে স্নাতক উত্তম ২০০৮ সাল থেকে প্রতিমা গড়েন। প্রতিবছর একটি প্রতিমাই নির্মাণ করেন তিনি। এবার রাজধানীর খামারবাড়ির সনাতন সমাজ কল্যাণ সংঘের প্রতিমা তৈরি করছেন। বললেন, প্রতিমা নির্মাণ তাঁর পেশা নয়। নিজের শিল্পীসত্তাকে আরও বিকশিত করার জন্যই এ কাজে হাত দেওয়া তাঁর।
প্রথাগত শিল্পীদের থেকে এসব প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতদের নির্মাণে কিছু পরিবর্তন আছে। শিল্পী দেবদাস মালাকার জানালেন, প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিতদের প্রতিমা অনেক বেশি রিয়ালিস্টিক। যেমন একজন মানুষের ঘাড় থেকে হাতের কনুইয়ের দূরত্ব দুই বিঘত। এমনভাবে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের মাপ রয়েছে। এসব শিল্পী সেই বিষয়টি প্রতিমা নির্মাণেও তুলে ধরার চেষ্টা করেন।
তবে প্রতিমা নির্মাণে যত ভিন্নতা আসুক, প্রথাগত কুমোর-পালদের কাছ থেকে অনেক কিছুই শেখার আছে বলে মনে করেন উত্তম রায়। তিনি বলেন, ‘রঙের সঙ্গে তেঁতুলের বিচির কষ মিশিয়ে যে তেলতেলে ভাবটা আনা হয়, তা আজও আমরা ব্যবহার করি। আমার প্রতিমা দেখার চোখ কিন্তু ওঁরাই নির্মাণ করে দিয়েছেন।’