ঐতিহ্যের সঙ্গে ধর্মের বিরোধ নেই
>রাজনীতিতে অশনিসংকেত
বিশেষ প্রতিনিধি
দেশের রাজনৈতিক অঙ্গনে অল্প দিনের মধ্যে এমন কতগুলো ঘটনা ঘটেছে, যাকে অশনিসংকেত বলে
অভিহিত করছে দেশের প্রগতিশীল রাজনীতিক ও সাংস্কৃতিক মহল। তারা বলছে, এই ঘটনাবলি গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিকে বিপন্ন করবে। হেফাজতে ইসলামের দাবি ও চাপের মুখে স্কুলের পাঠ্যবইয়ে বিতর্কিত সংশোধন থেকে এই অশনিসংকেতের শুরু। এরপর সুপ্রিম কোর্টের সামনের স্থাপত্য অপসারণের জন্য হেফাজতের কর্মসূচি ঘোষণা, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদ্যাপন নিয়ে বিতর্ক সৃষ্টি, চট্টগ্রামে দেয়ালের আলপনা পোড়া মবিল দিয়ে ঢেকে দেওয়া এবং হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর বৈঠকে শর্তহীনভাবে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ায় অশনিসংকেত ঘনীভূত হয়েছে। ২০১৩ সালে সরকারবিরোধী ঢাকা ঘেরাও কর্মসূচি দিয়ে দেশের ইতিহাসে এক বড় ধরনের অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের আপসরফায় দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবী মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
একটি মহল বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা ইসলামের অপব্যাখ্যা করছে। প্রকৃতপক্ষে তারা নারীবিদ্বেষী এবং গণতন্ত্রবিরোধী অপশক্তি। এরা একদিকে ইসলাম ধর্মের অপব্যাখ্যা দেয়, অন্যদিকে পাকিস্তানের দালালি করে। এরা আবার যুদ্ধাপরাধীদেরও ঘনিষ্ঠ মিত্র।
প্রকৃতপক্ষে দেশের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ধর্মের বিরোধ নেই। এগুলো পালন করলে কারও মুসলমানিত্ব যায় না। যারা এসব আচার-অনুষ্ঠানের বিরুদ্ধে এবং ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা প্রতিক্রিয়াশীল। এদের রাজনীতি, ধর্ম, সমাজ কোথাও স্থান দেওয়া উচিত নয়। অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে তাদের সর্বতোভাবে বর্জন করতে হবে।
এই গোষ্ঠী সর্বোচ্চ আদালতে বিশ্বাস করে না। ওদের বিশ্বাস ভিন্ন আদালতে। রাজাকার, জামায়াত ও তেঁতুল হুজুর গোষ্ঠী এ দেশের আলেম-ওলামাদের প্রতিনিধিত্ব করে না, যেমনটি জঙ্গিরা প্রতিনিধিত্ব করে না ইসলামের।
হাসানুল হক ইনু: তথ্যমন্ত্রী