ঐতিহ্যের সোনারগাঁ, সড়কে নেই বাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দর নগর নারায়ণগঞ্জের খুব কাছের একটি পৌরসভা সোনারগাঁ। বাংলার বার ভূঁইয়া আর লোকশিল্প জাদুঘরের মতো অনেক ঐতিহ্যের সাক্ষী সোনারগাঁ। পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার ১৫ বছর পেরিয়ে গেছে। এখনো পৌরসভার পাঁচটি ওয়ার্ডে সড়কবাতি নেই বললেই চলে। কোথাও কোথাও কাঁচা সড়ক সংস্কার হয়নি।

সোনারগাঁ পৌরসভা কার্যালয় থেকে জানা যায়, ৯ দশমিক ৫১ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভার নয়টি ওয়ার্ড আছে। নয়টি ওয়ার্ডের মধ্যে ১, ৪, ৬, ৭ এবং ৯ নম্বর ওয়ার্ডে সড়কবাতি নেই বললেই চলে। মোট ৮৩ কিলোমিটার সড়কের প্রায় ৪০ কিলোমিটার কাঁচা রাস্তা।

সরেজমিনে দেখা যায়, পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের দরপত ঠোটালিয়া, ৪ নম্বর ওয়ার্ডের ইসলামপট্টি, ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ষোলপাড়া এবং ৯ নম্বর ওয়ার্ডের ভাটিবন্দর-রঘুভাঙ্গা মহল্লার সড়কগুলো রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন থাকছে। এলাকাবাসী নিজেদের বাড়িতে যে বাতি জ্বালিয়ে রাখছেন, সেই আলোতে রাস্তার কিছু অংশ চলা গেলেও বেশির ভাগ রাস্তাই অন্ধকার।

ছোট মগবাজার মহল্লার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘পৌরসভা এলাকায় আমরা বসবাস করি। নিয়মিত পৌরকর পরিশোধ করি। কিন্তু ইউনিয়নের বাসিন্দাদের মতো অন্ধকারে থাকি। আমাদের এলাকায় নগরায়ণের ছোঁয়া লাগেনি।’

কয়েকটি মহল্লার লোকজন অভিযোগ করেছেন, অধিকাংশ সড়কে বাতি না থাকার কারণে সন্ধ্যা নামলেই সড়কগুলো অন্ধকার হয়ে যায়। অন্ধকারের কারণে পথচারী ও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। এই সুযোগে মাদকসেবীদের আড্ডা বসে নিয়মিত। চুরির ঘটনাও ঘটছে।

ইসলামপট্টি মহল্লার বাসিন্দা আবেদা খাতুন বলেন, এলাকার সড়কগুলোতে অন্ধকার থাকায় চুরির ঘটনা ও অপরাধ বেড়ে গেছে।

এ বিষয়ে সোনারগাঁ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আতিকুল হক বলেন, পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কগুলো পাকা করা যায়নি। অর্থ বরাদ্দ পেলে বাকি সড়কগুলো উন্নয়ন করা যাবে। সড়কবাতিও বসবে। 

সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান প্রথম আলোকে বলেন, যেসব জায়গায় সড়কবাতি স্থাপন করা হয়নি, আগামী এক বছরের মধ্যে সেসব জায়গায় সড়কবাতি স্থাপন করা হবে।