ঐশীকে কারাগারে পাঠানোর নির্দেশ
পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলার আসামি তাঁদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।
মা-বাবাকে হত্যার কথা স্বীকার করে ২৪ আগস্ট ঐশী রহমান জবানবন্দি দেয়। একই দিন গৃহকর্মী খাদিজা বেগম ওরফে সুমিও আদালতে জবানবন্দি দেয়। এরপর ঐশী ও সুমিকে গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত। ওই দিন রাত নয়টার দিকে তাদের কিশোরী উন্নয়ন কেন্দ্রে নেওয়া হয়।
১৪ আগস্ট দিবাগত রাতে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান তাঁদের চামেলীবাগের ভাড়া বাসায় খুন হন। ১৬ আগস্ট সন্ধ্যায় তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ আগস্ট দুপুরে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঐশী রহমান। পরে গৃহকর্মী সুমিকেও থানায় পাঠানো হয়। এরপর আটক করা হয় ঐশীর বন্ধু রনিকে। রনি বর্তমানে রিমান্ডে আছে।