ঐশীকে ১০ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাঁদের সন্তান ঐশী রহমানকে ১০ এপ্রিল আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঐশীর করা আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানিকালে আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। ঐশীর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আফজাল এইচ খান ও আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী।

জহিরুল হক জহির প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ডেথ রেফারেন্সের শুনানিতে ঐশীকে ১০ এপ্রিল আদালতে হাজির করতে নির্দেশ দেন। তাঁকে পর্যবেক্ষণের জন্য নিয়ে আসতে বলা হয়েছে।

সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রথম আলোকে বলেন, ‘ঐশীর মানসিক স্বাস্থ্য পরীক্ষার এক রিপোর্টে তথ্য পাওয়া যায়, ওই ঘটনার সময় সে মানসিকভাবে সুস্থ ছিল না। এটি আদালতে তুলে ধরেছি। এরপর আদালত তাকে হাজির করতে বলেছেন।’

এর আগে গত ১২ মার্চ ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানি হয় আদালতে। ওই দিন ৩ এপ্রিল আবার শুনানির তারিখ ধার্য করেন আদালত।

২০১৩ সালের ১৬ আগস্ট ঢাকার মালিবাগের এক ফ্ল্যাট থেকে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ২০১৪ সালের ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর আলোচিত এই মামলার অভিযোগপত্র দেন। ওই মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায় দেন। রায়ে ওই দম্পতির মেয়ে ঐশীকে মৃত্যুদণ্ড, তাঁর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে এবং পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। ওই বছরের ৬ ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী। মৃত্যুদণ্ডাদেশের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। এসবের শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক (মামলা-বৃত্তান্ত) প্রস্তুত করা হয়। এরপর ওই বেঞ্চ শুনানির জন্য আসে।