
মালিবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া তাঁদের মেয়ে ঐশী রহমানকে ১০ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইজি-প্রিজনের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঐশীর করা আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) ওপর শুনানিকালে এ আদেশ দেওয়া হয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। ঐশীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আফজাল এইচ খান ও আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী।
পরে জহিরুল হক বলেন, ডেথ রেফারেন্সের শুনানিতে হাইকোর্ট ঐশীকে ১০ এপ্রিল হাজির করতে নির্দেশ দেন। তাঁকে পর্যবেক্ষণের জন্য নিয়ে আসতে বলা হয়েছে।
সুজিত চ্যাটার্জি বলেন, ঘটনার সময় ঐশী মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোনো স্বাভাবিক মানুষ বাবা-মাকে হত্যা করতে পারেন না। ২০১৩ সালে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ঐশীর মানসিক অবস্থা পরীক্ষার নির্দেশ দেন। এ অনুসারে ২০১৪ সালের
২৬ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঐশীর মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রতিবেদন দেয়। এতে ঐশীর মানসিক সমস্যার বিষয়টি এসেছে। এটি তুলে ধরা হয়। এরপর আদালত ওই আদেশ দেন। ঐশী কাশিমপুর কারাগারে আছেন।
গত ১২ মার্চ ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষ পর্যায়ে রয়েছে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক।
২০১৩ সালের ১৬ আগস্ট মালিবাগের বাসা থেকে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। ওই দিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। ওই মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল রায়ে ঐশীকে মৃত্যুদণ্ড, তাঁর বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন। ওই বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে এবং পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। ওই বছরের ৬ ডিসেম্বর খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন ঐশী। অগ্রাধিকার ভিত্তিতে এ মামলার পেপারবুক (মামলা-বৃত্তান্ত) প্রস্তুত করা হয়।