ঐশীর আপিল আবেদন হাইকোর্টে গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে তাঁদের মেয়ের করা আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। তাঁকে দেওয়া ২০ হাজার টাকার অর্থদণ্ডও স্থগিত করা হয়েছে।

আজ সোমবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করা হয়। আজ ঐশীর পক্ষে শুনানি করেন আইনজীবী সুদীপ চ্যাটার্জি ও মাহবুব হাসান।

এই হত্যা মামলায় ঐশী রহমানকে গত ১২ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩। তাঁকে আশ্রয় দেওয়ায় বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ডাদেশ এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেওয়া হয়।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। গত বছরের ৯ মার্চ ঐশী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং ঐশীদের শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বছরের ৬ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রথমে ঐশীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনাল ৩০ নভেম্বর নতুন করে অভিযোগ গঠন করেন। চলতি বছরের ২০ অক্টোবর মামলার কার্যক্রম শেষ হয়। ঐশী আত্মপক্ষ সমর্থনে আদালতে দেওয়া আবেদনে নিজেকে নির্দোষ দাবি করেন।