ঐশীর জামিন আবেদন নামঞ্জুর
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় মেয়ে ঐশী রহমানের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ এরফান উল্লাহ এ জামিন আবেদন নাকচ করেন।
একই আদালতে আজ ঐশীর আইনজীবী মাহবুব হাসান ঐশীর দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি নথিভুক্ত করে রাখার আদেশ দিয়েছেন আদালত ।
ঐশীর আইনজীবী মাহবুব হাসান আদালতকে বলেন, ঐশী আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তা স্বেচ্ছায় দেননি। তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করে তা আদায় করা হয়েছে। এ কারণে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার করা প্রয়োজন।
গৃহপরিচারিকা সুমির জামিনও নামঞ্জুর
শিশু খাদিজা খাতুন ওরফে সুমির জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। ঢাকার কিশোর আদালতের হাকিম আনোয়ার ছাদাত তাঁর খাসকামরায় শুনানি গ্রহণ করেন।
মামলাটি চাঞ্চল্যকর এবং হত্যার বিষয়ে সুমির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকায় হাকিম জামিনের আবেদন নাকচ করে দেন। সুমির পক্ষে জামিনের আবেদন করেন সৈয়দ নাজমুল হুদা।