রাজধানীর চামেলী-বাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর গতকাল রোববার এই আদেশ দেন। আদালত ঐশীকে ও লেভেল পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে কারাবিধি অনুযায়ী বই-খাতা সরবরাহের আদেশও দেন। ঐশীর পক্ষে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
গতকাল ঐশীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে শুনানি হয়। জামিনের আবেদন নাকচ হলে পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গত বছরের ১৬ আগস্ট চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
পল্টন থানায় আত্মসমর্পণ করা ঐশীকে ৩১ আগস্ট আদালতের নির্দেশে কিশোর সংশোধন কেন্দ্র থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে তাঁকে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর মহিলা সেলে রাখা হয়।