ঐশীর জামিনের আবেদন, শুনানি ১ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তাঁদের মেয়ে ঐশী রহমানের জামিনের জন্য গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে। বিচারক মো. জহুরুল হক এই আবেদন শুনানির জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য করেছেন।
হত্যার দায় স্বীকার করে ঐশী গত ২৪ আগস্ট আদালতে জবানবন্দি দিলেও ৫ সেপ্টেম্বর তা প্রত্যাহারের জন্য আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাঁর স্বীকারোক্তি নেওয়া হয়েছিল। আদালত আবেদনটি নথিভুক্ত রাখার নির্দেশ দেন। ঐশী কাশিমপুর কারাগারে রয়েছেন।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত বুধবার হাইকোর্টের অবকাশকালীন একটি বেঞ্চ ঐশীর মানসিক অবস্থা পর্যবেক্ষণ ও মাদক গ্রহণের তথ্য নিরূপণের জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। গত ১৪ আগস্ট রাতে মাহফুজুর ও তাঁর স্ত্রীকে তাঁদের চামেলীবাগের বাসায় হত্যা করা হয়।