ঐশীর জামিনের আবেদন, ১ অক্টোবর শুনানি
পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশীর জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে।
বিচারক মো. জহুরুল হক আগামী ১ অক্টোবর তা শুনানির দিন ধার্য করেছেন।আজ বৃহস্পতিবার আদালত এই আদেশ দেন।
গত ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেন।পরবর্তী সময় ‘ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল’ মর্মে উল্লেখ করে ৫ সেপ্টেম্বর এ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়।আদালত তা নথিভুক্ত রাখার নির্দেশ দেন।
জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ঐশী রহমানকে মানসিক অবস্থার পর্যবেক্ষণ এবং মাদক গ্রহণের তথ্য নিরূপণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দেন।আদেশের পাশাপাশি রুলও জারি করেন হাইকোর্ট।চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঐশীর মামলার তদন্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।৯ সেপ্টেম্বর রিটটি করেন হাইকোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
গত ১৪ আগস্ট দিবাগত রাতে পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানকে তাঁদের চামেলীবাগের ভাড়া বাসায় হত্যা করা হয়।১৬ আগস্ট সন্ধ্যায় তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।বর্তমানে ঐশী কাশিমপুর কারাগারে আছেন।