ঐশীর বন্ধু আসাদ পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ কর্মকর্তা দম্পতি হত্যা
পুলিশ কর্মকর্তা দম্পতি হত্যা

রাজধানীর চামেলীবাগে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যায় প্ররোচনা ও ইন্ধন দেওয়ার অভিযোগে তাঁদের মেয়ে ঐশী রহমানের বন্ধু আসাদুজ্জামান ওরফে জনির (২৭) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে আসাদুজ্জামানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁকে গত বুধবার রাত ১০টার দিকে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল বেলা ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, মাহফুজুর দম্পতি হত্যা মামলার প্রধান আসামি ঐশীকে জিজ্ঞাসাবাদ করে হত্যায় প্ররোচনা ও ইন্ধনদাতা হিসেবে আসাদুজ্জামানের নাম পাওয়া গিয়েছিল। আদালতে দেওয়া জবানবন্দিতেও ঐশী একই বক্তব্য দিয়েছেন। আসাদুজ্জামান গা ঢাকা দিয়েছিলেন।মনিরুল বলেন, আসাদুজ্জামান সম্পর্কে ঐশী যেসব তথ্য দিয়েছেন, তার কিছু আসাদুজ্জামান স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। তিনি হত্যায় ইন্ধন ও প্ররোচনার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঐশী তাঁকে হত্যার কথা বলেননি। তবে হত্যাকাণ্ডের পর তাঁকে আশ্রয় দেওয়া, বিদেশে পাঠানোর ব্যবস্থা করার কথা বলেছেন। রিমান্ডে আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে হত্যায় তাঁর সংশ্লিষ্টতা যাচাই করা হবে।ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে মর্মে ঐশীর জবানবন্দি প্রত্যাহারের আবেদনের প্রসঙ্গে জানতে চাইলে মনিরুল বলেন, ১৬৪ ধারায় জবানবন্দি প্রত্যাহারের আবেদন নতুন নয়। দুর্ধর্ষ সন্ত্রাসীদের ক্ষেত্রেও একই বিষয় ঘটে। এটি আইনগত প্রক্রিয়া। আইনে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার যে নিয়মকানুন উল্লেখ রয়েছে, তাতে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়ার সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঐশী ছাড়া হত্যায় সরাসরি অংশগ্রহণকারী হিসেবে আর কারও কথা এখনো জানা যায়নি।’ডিবির যুগ্ম কমিশনার বলেন, আসাদুজ্জামান মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এ ছাড়া তিনি নাচের পরিচালক হিসেবে বিভিন্ন উচ্চাকাঙ্ক্ষীদের অপব্যবহার করতেন। বিভিন্নজনকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়েছেন বলে স্বীকার করেছেন। গত ১৬ আগস্ট সন্ধ্যায় চামেলীবাগের ভাড়া বাসা থেকে মাহফুজুর দম্পতির রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন পল্টন থানায় আত্মসমর্পণ করেন তাঁদের মেয়ে ঐশী। পরে গৃহকর্মী খাদিজা খাতুন ওরফে সুমি ও ঐশীর এক বন্ধু মিজানুর রহমান ওরফে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। ঐশী ও মিজানুর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। খাদিজাকে গাজীপুরের সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে।