ঐশীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যার ঘটনায় তাঁদের মেয়ে ঐশী রহমানসহ চারজনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
মাহফুজ দম্পতিকে হত্যার ঘটনায় মেয়ে ঐশী রহমানসহ চারজনের বিরুদ্ধে গত ৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুয়াল খায়ের মাতুব্বর। অন্য আসামিরা হলেন ঐশীর বন্ধু আসাদুজ্জামান ওরফে জনি ও মিজানুর রহমান ওরফে রনি এবং গৃহকর্মী সুমি আকতার। এর মধ্যে গৃহকর্মী সুমি আকতার অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেওয়া হয়। সুমি গাজীপুরের কিশোরী সংশোধন কেন্দ্রে, ঐশী গাজীপুরের কাশিমপুর কারাগারে এবং বাকি দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, ঐশী একাই মা-বাবাকে হত্যা করেন। এর আগে ঐশী মা-বাবাকে ৬০টি ঘুমের বড়ি মেশানো কফি খাইয়েছিলেন। রাসায়নিক পরীক্ষায় ঘুমের ওষুধে নাইট্রাস, টেনিন ও ট্রমাজিপাম-৩-এর উপস্থিতির প্রমাণ মিলেছে। এ ছাড়া মা স্বপ্না রহমানের ব্রোঞ্জের রক্তমাখা চুড়ি ও ঐশীর রক্তমাখা কাপড়ের রক্তের সঙ্গে ঐশীর রক্তের মিল পাওয়া গেছে।
গৃহকর্মী সুমিও এ বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অভিযোগপত্রে ৫৭ জনকে সাক্ষী করা হয়েছে।
গত বছরের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী গৃহকর্মী সুমিকে নিয়ে রমনা থানায় আত্মসমর্পণ করেন। ওই বছরের ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেন। পরবর্তী সময়ে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল বলে দাবি করে ৫ সেপ্টেম্বর ওই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেন তাঁর আইনজীবীরা।