ঐশীর মানসিক অবস্থা নিরূপণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যাকাণ্ডের আগে ও পরে তাঁদের মেয়ে ঐশী রহমানের মানসিক অবস্থা এবং মাদক নেওয়ার ইতিহাস নিরূপণে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, সমাজকল্যাণ সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ বিবাদীদের এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা ঐশীকে কাউন্সিলিং প্রদানের ব্যবস্থা করতেও বলা হয়েছে।
আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তবর্তী আদেশের পাশাপাশি রুলও দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ৯ সেপ্টেম্বর রিট আবেদনটি করেন। আজ রিটের ওপর তিনি নিজেই শুনানি করেন।
ঐশী রহমানকে বিএসএমএমইউয়ে রেখে ওই হত্যাকাণ্ড, আত্মসমর্পণের আগে ও পরের তাঁর মানসিক অবস্থা ও মাদক নেওয়ার ইতিহাস নিরূপণে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে জানিয়েছে জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, এর ফলে এখন ঐশী রহমানের মানসিক অবস্থা নিরূপণে তাঁকে বিএসএমএমইউয়ে পাঠাতে হবে।
১৪ আগস্ট দিবাগত রাতে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান তাঁদের চামেলীবাগের ভাড়া বাসায় খুন হন। ১৬ আগস্ট সন্ধ্যায় তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ আগস্ট দুপুরে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঐশী রহমান। মা-বাবাকে হত্যার কথা স্বীকার করে গত ২৪ আগস্ট ঐশী আদালতে জবানবন্দি দেয়।