ঐশীর মানসিক অবস্থা নিরূপণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী
নিহত পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী

পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী হত্যাকাণ্ডে আটক তাঁদের মেয়ে ঐশী রহমানের মানসিক অবস্থা ও মাদক গ্রহণের ইতিহাস নিরূপণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশের সঙ্গে রুলও দেন। আদালত এ জন্য ঐশীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পাঠাতে নির্দেশ দেন।
হত্যাকাণ্ডের আগে-পরে ঐশীর মানসিক অবস্থা গভীরভাবে মূল্যায়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, সমাজকল্যাণসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ আটজনকে বিবাদী করে রিটটি করেন। গতকাল রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঐশীর মানসিক অবস্থা নিরূপণে তাকে এখন বিএসএমএমইউয়ে পাঠাতে হবে। প্র্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে কাউন্সেলিংয়েরও নির্দেশ দিয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৪ আগস্ট দিবাগত রাতে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান তাঁদের চামেলীবাগের ভাড়া বাসায় খুন হন। ১৬ আগস্ট সন্ধ্যায় তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
১৭ আগস্ট দুপুরে পল্টন থানায় গিয়ে আত্মসমর্পণ করে ঐশী রহমান। মা-বাবাকে হত্যার কথা স্বীকার করে গত ২৪ আগস্ট ঐশী আদালতে জবানবন্দি দেয়। ওই দিন আদালত ঐশীকে গাজীপুরে কিশোরী সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
তবে ২৯ আগস্ট ঐশীর জন্মসনদ ও ঢাকা মেডিকেল কলেজ থেকে ঐশীর বয়সসংক্রান্ত প্রতিবেদন পাঠানো হয়। ওই দিন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম ঐশীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।